সর্বশেষ খবর
ভারত সীমান্তে চিনের একডজন স্টেলথ যুদ্ধবিমান! কেন?
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ভারতের উত্তর সীমান্তে লাদাখ এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) ওপাড়ে চিনের বিপুল সামরিক তৎপরতা ধরা পড়ল উপগ্রহ চিত্রে। বেসরকারি উপগ্রহ চিত্র পরিচালনাকারী সংস্থা ভ্যান্টরের (Vantor) প্রকাশ করা সাম্প্রতিক ছবি ঘিরে ভারতীয় প্রতিরক্ষা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। চিনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী (PLAAF) ভারতের দিকে তাক করে তাদের দুটি প্রধান ঘাঁটিতে অন্তত ১২টি শক্তিশালী জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই পদক্ষেপ ড্রাগনের নিছক শক্তির আস্ফালন নাকি কোনও বড়সড় সামরিক আগ্রাসনের প্রস্তুতি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভ্যান্টর-এর পাঠানো গত ৯ জুলাইয়ের উপগ্রহ চিত্রটি বিশেষভাবে নজর কেড়েছে বিশেষজ্ঞদের। সেখানে দেখা গিয়েছে, চিনের জিনজিয়াং প্রদেশের হোটান বিমানঘাঁটিতে একযোগে ৮টি পঞ্চম প্রজন্মের জে-২০ স্টেলথ ফাইটার জেট মোতায়েন রাখা হয়েছে। সামরিক ও অসামরিক দুই কাজেই ব্যবহৃত এই হোটান বিমানবন্দরটি ভৌগোলিক দিক থেকে ভারতের অত্যন্ত কাছাকাছি। উত্তর লাদাখে অবস্থিত ভারতীয় বায়ুসেনার অগ্রবর্তী ঘাঁটি ‘দৌলত বেগ ওল্ডি’ থেকে চিনের এই ঘাঁটির দূরত্ব মাত্র ২৪৫ কিলোমিটার। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের লেহ বিমানঘাঁটি থেকেও হোটানের দূরত্ব মাত্র ৩৮৯ কিলোমিটারের কাছাকাছি।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চিনের এই অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলি রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং এর ভিতরেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা যায়। লাদাখ ও অরুণাচল—এই দুই প্রান্তেই একসঙ্গে এত বিপুল সংখ্যক ‘মাইটি ড্রাগন’ মোতায়েনের ঘটনা নজিরবিহীন। ভারতের বিমান বাহিনীতে এখনও কোনও নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান অন্তর্ভুক্ত না হওয়ায়, সীমান্তের এই ভারসাম্য বদলের চেষ্টা নয়াদিল্লির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে ভারতীয় বাহিনীও রাফাল ও সুখোইয়ের মতো প্রথম সারির যুদ্ধবিমান এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে।

