কৃষক পরিবারের ছেলে থেকে ইসরোর বিজ্ঞানী, গর্বিত বীরভূম!
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: কৃষক পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়েছেন বীরভূমের মাড়গ্রাম থানার কানাইপুর গ্রামের মহম্মদ সুলতান। সর্বভারতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে তাঁর এই সাফল্যে গর্বিত গোটা গ্রাম তথা বীরভূমবাসী।
আজ সকালে বীরভূমের রামপুরহাটে তাঁর বাড়িতে গিয়ে সুলতানকে সংবর্ধনা জানান বিজেপির নেতা ও নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল, বীরভূম সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব নাগ-সহ যুব মোর্চার নেতা ও নেতৃত্বরা। তাঁদের পক্ষ থেকে মহম্মদ সুলতানকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয়।
আগামী দিনে তিনি যেন আরও ভালোভাবে নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন এবং দেশের জন্য কাজ করে ভারতের নাম উজ্জ্বল করতে পারেন, সেই শুভকামনা জানান উপস্থিত নেতৃত্বরা। তাঁরা বলেন, সুলতানের এই কৃতিত্বে গর্বিত গোটা বীরভূমবাসী।
কানাইপুর গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর হাওড়ার আল-আমিন মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন সুলতান। এরপর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিটেক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক সম্পন্ন করেন। বর্তমানে আইআইটি খড়্গপুরে পিএইচডি করছেন তিনি।
সুলতানের এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর কৃষক বাবার অক্লান্ত পরিশ্রম এবং দাদা-বৌদির সহযোগিতা। ছোট্ট গ্রাম থেকে উঠে এসে ইসরোর বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হওয়া শুধু তাঁর পরিবারের নয়, গোটা বীরভূম জেলার গর্ব। তাঁর আগামী দিনের পথ আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনাই সকলের।

