হট টপিক
ঋণ না মেটালে সম্পত্তি বাজেয়াপ্তের হুঁশিয়ারি মন্ত্রীর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বারাসত: ঋণ নিয়েছেন, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও টাকা শোধ করেননি? এই ধরনের খেলাপিদের বিরুদ্ধে এ বার চরম কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। বকেয়া টাকা উদ্ধার করতে প্রয়োজন হলে এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্ত বা ‘অ্যাটাচ’ করার পথে হাঁটবে জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে গিয়ে এই কড়া বার্তা দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া।
প্রশাসনিক সূত্রে খবর, জেলার বিভিন্ন সমবায় ব্যাঙ্ক ও সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পর তা আর ফেরত দেননি বহু গ্রাহক। এর ফলে সমবায় ব্যবস্থা বড়সড় ক্ষতির মুখে পড়ছে। এ দিনের বৈঠকে সমবায় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শুধু সাধারণ গ্রাহকই নন, ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি সমবায় ব্যাঙ্কের কোনও কর্মী বা আধিকারিকের তরফ থেকে কোনও রকম অনিয়ম বা দুর্নীতি ধরা পড়ে, তবে কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।
বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া সংবাদমাধ্যমকে জানান, “এটি সাধারণ মানুষের কষ্টের টাকা। ঋণ নিয়ে যাঁরা এখনও টাকা শোধ করেননি, তাঁদের দ্রুত বকেয়া মেটাতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টাকা জমা না দিলে আইনি পথেই তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাজ্য সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে।
প্রশাসনের এই নজিরবিহীন কড়া অবস্থানের জেরে জেলার বড় বড় ঋণখেলাপিদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বকেয়া আদায়ের জন্য খুব শীঘ্রই ব্লক স্তরে বিশেষ অভিযান শুরু হতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর।

