পোল্যান্ড সীমান্তে রুশ ড্রোন হানা, অল্পের জন্য রক্ষা ট্রেনের
নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আঁচ এবার এসে লাগল ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তে। রবিবার পশ্চিম ইউক্রেনে পোল্যান্ড সীমান্তের একেবারে কাছে একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে ভয়ংকর হামলা চালাল মস্কো। একের পর এক রুশ ড্রোনের আঘাতে ট্রেনটিতে আগুন ধরে যায়। তবে ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পোল্যান্ডের রেল সংস্থা ‘পিকেপি ইন্টারসিটি’র একটি ট্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে আচমকা ট্রেনটির ওপর আছড়ে পড়ে বেশ কয়েকটি রুশ ড্রোন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের বগি। সেই সময় ট্রেনটিতে ২০৬ জন যাত্রী ছিলেন। তবে তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি। তবে এই হামলার জেরে সীমান্ত এলাকায় প্রায় ছ’ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

