বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুরুলিয়ার মাটির তলায় লিথিয়ামের খোঁজ, আশায় বুক বাঁধছে জেলা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
পুরুলিয়ার মাটির তলায় লিথিয়ামের খোঁজ, আশায় বুক বাঁধছে জেলা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়ার ভাগ্য কি তবে বদলাতে চলেছে? জেলার মাটির তলায় 'বিরল খনিজ' লিথিয়াম উত্তোলনের জন্য রাজ্য সরকার তৎপরতা শুরু করতেই এমন আশায় বুক বাঁধছে গোটা জেলা। প্রশাসন সূত্রের খবর, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) প্রাথমিক রিপোর্টে পুরুলিয়ার প্রায় ২০০ একর জমির নীচে লিথিয়াম থাকার জোরালো সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই মূল্যবান খনিজ উত্তোলন সম্ভব হলে শুধু পুরুলিয়া নয়, গোটা রাজ্যের শিল্পক্ষেত্রেই এক নতুন দিগন্ত খুলে যাবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ১১টি জায়গায় মাটির তলায় লিথিয়াম-সহ অন্যান্য বিরল খনিজ সম্পদ থাকতে পারে। এর মধ্যে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঝালদা ২ ব্লকের চিতমু পঞ্চায়েতের চিতমু, আনন্দনগর, আমড়া এবং বড়রোলা মৌজার বেলামু পাহাড় সংলগ্ন এলাকায় লিথিয়াম থাকার বিষয়ে অনেকটাই নিশ্চিত জিএসআই। এই খবরে জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পমহল—সবার মধ্যেই প্রবল উন্মাদনা তৈরি হয়েছে।
সম্প্রতি এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে জিএসআই সংসদে জানিয়েছিল, ঝালদা ২ ব্লকের ওই চারটি মৌজায় লিথিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনকয়েক আগে পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে এসে সেই প্রসঙ্গই তোলেন শমীকবাবু। তিনি জানান, পুরুলিয়া-সহ জঙ্গলমহলে বিরল খনিজের সন্ধান পেয়েছে জিএসআই। তাঁর মতে, এই খনিজ উত্তোলনের প্রক্রিয়া শুরু হলে জেলার আর্থ-সামাজিক ছবিটাই পুরোপুরি বদলে যাবে।
বর্তমানে বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে লিথিয়ামের চাহিদা আকাশছোঁয়া। ফলে পুরুলিয়ার মাটি থেকে এই খনিজ তোলা সম্ভব হলে জেলায় বড় মাপের বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খরাপ্রবণ এই জেলায় শিল্পের এমন হাতছানিতে এখন দিন গুনছেন পুরুলিয়াবাসী।

আরও হট টপিক