বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিশ্বকাপের আড়াই সপ্তাহ আগে আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: মেসির চোট

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
বিশ্বকাপের আড়াই সপ্তাহ আগে আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: মেসির চোট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আড়াই সপ্তাহ বাকি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে নিজেদের বিশ্বজয়ের অভিযান শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি সপ্তাহের মধ্যেই দলের হেড কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত দল ঘোষণা করার কথা। ঠিক এই আবহেই বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক এবং কোচ স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল অধিনায়ক লিওনেল মেসির চোট।

সোমবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে আচমকা দু’গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে এক দুরন্ত ও নাটকীয় জয় ছিনিয়ে নেয় ডেভিড বেকহ্যামের দল। কিন্তু ইন্টার মায়ামির এই দুর্দান্ত জয়ের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায় ম্যাচের ৭৩ মিনিটে। বল তাড়া করতে গিয়ে আচমকা হ্যামস্ট্রিংয়ে টান ধরে লিওনেল মেসির। ব্যথায় কাতর মেসি আর মাঠে থাকার ঝুঁকি নেননি। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে সাধারণ নিয়ম মেনে ডাগ-আউটে সতীর্থদের পাশে না বসে, মেসি সোজা ড্রেসিং-রুমে চলে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলেরমো হোয়োস মেসির চোটের বর্তমান অবস্থা নিয়ে সংবাদমাধ্যমকে জানান, এখনই মেসির চোট কতটা গুরুতর, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে গত কয়েকটা ম্যাচ ধরে ওর ক্লান্তি আমাদেরও চোখ এড়ায়নি। তা ছাড়া আজ বৃষ্টির কারণে মাঠের অবস্থাও বেশ খারাপ এবং পিছল ছিল। তাই কোনো বড় ঝুঁকি না নিয়ে মেসি নিজেই মাঠ ছাড়ার বিচক্ষণ সিদ্ধান্ত নেয়। আমরাও বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে ওকে যতটা সম্ভব আগলে রাখার এবং সুরক্ষিত রাখার চেষ্টা করছি।
বিশ্বকাপের এত কম সময় বাকি থাকতে মহাতারকার এই চোট স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অন্দরমহলে উদ্বেগের সৃষ্টি করেছে। স্কালোনির রণকৌশলের মূল স্তম্ভই হলেন মেসি। হ্যামস্ট্রিংয়ের চোট সাধারণত সেরে উঠতে কিছুটা সময় নেয়। তাই আলজেরিয়া ম্যাচের আগে মেসি সম্পূর্ণ ফিট হতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। আগামী কয়েকদিন চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবেন তিনি। স্ক্যানিং রিপোর্টের পরই বোঝা যাবে এই চোট আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে কোনো প্রভাব ফেলবে কি না।