হট টপিক
আদালত অবমাননার দায়ে বাইজু রবীন্দ্রনের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশিত: ২৮ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন শিক্ষা সংস্থা ‘বাইজু’স’-এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের বড়সড় আইনি ধাক্কা। আদালত অবমাননার অভিযোগে সিঙ্গাপুরের একটি আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া সম্পত্তি সংক্রান্ত আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে সম্প্রতি তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সিঙ্গাপুরের আদালত বাইজু রবীন্দ্রনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত অবমাননার দায় মেটাতে তাঁকে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই শাস্তির ঘোষণার সময় বাইজু রবীন্দ্রন সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন কি না বা বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
বাইজু’সের এই আইনি সংকটের মূল উৎস মার্কিন ঋণদাতাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ। ‘গ্লাস ট্রাস্ট’ নামক একটি কনসোর্টিয়ামের মাধ্যমে মার্কিন ঋণদাতারা বাইজু’সের মূল সংস্থা থিংক অ্যান্ড লার্ন-এর কাছে প্রায় ১.২ বিলিয়ন ডলার বকেয়া দাবি করে আসছে। এই ঋণ সংক্রান্ত জটিলতার জেরেই সিঙ্গাপুরের আদালত গত বছর বাইজু রবীন্দ্রনের সম্পত্তি হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু রবীন্দ্রন আদালতের সেই নির্দেশ অমান্য করে সম্পত্তি লেনদেন করেছেন বলে অভিযোগ ওঠে।
এক সময় বাইজু’স ছিল ভারতের অন্যতম সফল এবং মূল্যবান স্টার্ট-আপ সংস্থা। কিন্তু বিগত কয়েক বছরে আর্থিক অব্যবস্থা, কর্মী ছাঁটাই, ঋণ পরিশোধে ব্যর্থতা এবং একের পর এক আইনি মামলার কারণে সংস্থাটির ব্র্যান্ড ভ্যালু তলানিতে এসে ঠেকেছে। ভারতেও ইডি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা বাইজু’সের আর্থিক লেনদেনের তদন্ত করছে। এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের আদালতের কারাদণ্ডের নির্দেশ বাইজু রবীন্দ্রন এবং তাঁর সংস্থার ভবিষ্যৎকে আরও বড় অন্ধকারের দিকে ঠেলে দিল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

