বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভাতকুন্ডার বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
ভাতকুন্ডার বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবায় ক্ষুব্ধ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরম, তার সঙ্গে লোডশেডিং। জোড়া সমস্যার জেরে নাজেহাল আউশগ্রাম-২ ব্লকের ভাতকুন্ডার বিস্তীর্ণ এলাকার জনজীবন। অভিযোগ, ঝড়-বৃষ্টিতে একবার লোডশেডিং হলে দশ-বারো ঘণ্টার আগে পাখা ঘোরার বা আলো জ্বলার নাম নেই। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থার বুদবুদের স্টেশন ম্যানেজার প্রীতম মন্ডল বলেন, ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে বিদ্যুৎবাহী তার ছেঁড়ে। ইলেক্ট্রিক পোলও ভেঙেছিল। তখন কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তবে সুস্থ পরিষেবা দিতে আমরা সচেতন।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভাতকুন্ডা এলাকার বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে ফোনে জানানো হয়েছে। কিন্তু তাতেও লাভ হয়নি। এদিন এলাকার বাসিন্দা দিব্যেন্দু কোনার, কৃষ্ণ বাগদীরা বলেন, সামান্য বৃষ্টি হলেই বিকেলের পর থেকে সারা রাত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। মে মাসের গত ১৫ তারিখ সন্ধ্যা সাড়ে আটটায় মানকর সাব-স্টেশনের দেবশালা ফিডারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীতে আংশিকভাবে সেই পরিষেবা চালু করা হয় পরের দিন বিকেল ৫.৩০ মিনিটে। তার ঠিক ঘন্টা দুয়েক পর হালকা বৃষ্টি হওয়ায় ফের পরিষেবা বন্ধ করা হয়। সারারাত সেদিন পরিষেবা ছিল না। পরের দিন সকালে বিদ্যুৎ আসে। এখন তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফের করছে। অথচ বিদ্যুৎ পরিষেবা নিয়ে গা-ছাড়া মনোভাব দেখা যাচ্ছে দপ্তরের। বিদ্যুৎ বন্টন কোম্পানীর এই ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। 

এলাকার অনেকেই জানান, বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যবসা মার খাচ্ছে। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটে কয়েক হাজার পড়ুয়ার পাশাপাশি সাধারণ মানুষদেরও গরমে নাভিশ্বাস উঠেছে। দিন-রাত মিলিয়ে অনেকদিন অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। তাছাড়া রক্ষণাবেক্ষণ বিভাগের যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে ফোন করলে কেউ রিসিভ করে না। অভিযোগ, অনেক সময় দুর্ব্যবহার ও অশালীন ভাষা প্রয়োগ করা হচ্ছে। টাকা দিয়ে পরিষেবা নিই। সেখানে এরকম ব্যবহার কেন করা হবে? আমরা চাই বিদ্যুৎ পরিষেবা উন্নত করা হোক। নাহলে আমরা আন্দোলন করব।