বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টোটোর দাপটে যাত্রী উধাও, সোমবার থেকে বর্ধমানে মিনিবাস ধর্মঘট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
টোটোর দাপটে যাত্রী উধাও, সোমবার থেকে বর্ধমানে মিনিবাস ধর্মঘট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ টোটোর দাপটে কমছে যাত্রী সংখ্যা। সারাদিন বাস চালিয়ে কর্মীদের নূন্যতম বেতন দেওয়ার মতো রোজগারও হচ্ছে না। এই চরম আর্থিক লোকসানের অভিযোগে সোমবার থেকে পূর্ব বর্ধমান শহরের সমস্ত রুটে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন বাসকর্মীরা। সপ্তাহের প্রথম দিনেই এই আকস্মিক বাস ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

বাসকর্মীদের মূল অভিযোগ, নির্দিষ্ট রুটে মিনিবাস ছাড়ার ঠিক আগে এবং পরে বেআইনিভাবে একাধিক টোটো চলাচল করছে। এর ফলে বাসে আর কোনও যাত্রী উঠছেন না। শুধু তাই নয়, এই নিয়ে প্রতিবাদ করতে গেলে টোটোচালকদের একাংশের হাতে বাসকর্মীদের হেনস্থা ও মারধর পর্যন্ত হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে টোটো নিয়ন্ত্রণের দাবি জানানো হলেও কোনও কাজ হয়নি বলে তাঁদের অভিযোগ। বাসচালক শেখ জাকির এবং অমীয় দাসদের কথায়, “ভোর ৫টা থেকে বাস চালু হয়। কিন্তু তার আগেই সাড়ে ৪টে থেকে বাসের সামনে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। সারাদিনে ২০০ টাকাও লাভ থাকছে না। নিজেরা কী খাব, আর মালিককেই বা কী দেব?”
বর্তমানে বর্ধমানের বিভিন্ন রুটে প্রায় ৮০টি মিনিবাস চলাচল করে। পূর্বাশা বাস স্ট্যান্ড (নবাবহাট) থেকে আলিশা বাস স্ট্যান্ড (উল্লাস) এবং পূর্বাশা থেকে পূর্ত ভবন— এই সমস্ত গুরুত্বপূর্ণ রুটেও সোমবার থেকে চাকা ঘুরবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ পাল এবং বর্ধমান মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের এই সিদ্ধান্ত সংগঠনের তরফ থেকে নেওয়া হয়নি। এটি বাসকর্মীদের নিজস্ব সিদ্ধান্ত। তবে তাঁরাও স্বীকার করে নিয়েছেন যে, শহরে লাগামহীনভাবে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় বাসের ব্যবসা কার্যত ধুঁকছে।