বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আউশগ্রামে সরকারি বাসের দাবি মহিলাদের

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
আউশগ্রামে সরকারি বাসের দাবি মহিলাদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি মহিলাদের জন্য রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করেছে। আগামী ১ জুন থেকে এই পরিষেবা শুরু হবে। কিন্তু আউশগ্রামের ছোঁড়া, ভাতকুন্ডা সহ একাধিক এলাকার বাসিন্দাদের দাবি এই রুটে কোনো সরকারি বাস চলে না। তাই এলাকার মহিলাদের আক্ষেপ এই প্রকল্পের সুবিধা থেকে তাঁদের বঞ্চিত থাকতে হবে।  

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকাগুলি থেকে প্রতিদিন বহু মহিলা মানকর, বুদবুদ, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় কাজে যান। মূলত বাসে উপরেই এলাকার বাসিন্দারা নির্ভরশীল। নিয়মিত সরকারি বাস পরিষেবা মিললে জঙ্গলমহল অধ্যুষিত এই এলাকা উন্নয়নের ছোঁয়া পাবে বলে দাবি স্থানীয়দের। এলাকার মহিলারা বলেন, পান্ডুক থেকে একটি মাত্র সরকারি বাস কলকাতা যায়। আর সরকারি বাস চলে না। পানাগড়, ত্রিলোকচন্দ্রপুর, এগারো মাইল হয়ে সরকারি বাস হাতেগোনা কয়েকদিন চলেছিল। কিন্তু অজানা কারনে তা বন্ধ হয়ে যায়। অবিলম্বে পান্ডুক থেকে ত্রিলোকচন্দ্রপুর হয়ে আসানসোল ও মানকর হয়ে আসানসোল বাস চালু করতে হবে। স্থানীয় বাসিন্দা শিক্ষিকা পৌলমী বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রী থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতকারী মহিলাদের যাতায়াত খরচ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমাদের এলাকা থেকে সকালে মানকর, বুদবুদ যেতে ব্যাপক সমস্যা হয়। কোনো সরকারি বাস চলে না। এখানে সকাল ৭টা ৪০ মিনিটে বেসরকারি বাস আছে। পরের বাস মোড়বাঁধ থেকে ধরতে হয় ১১টা ১০ মিনিটে। এই বাসে গিয়ে কোনো অফিসের কাজ করা যায় না। বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের সকালের বাসে যেতে হচ্ছে। এলাকার বাসিন্দারা ছাড়াও ভেদিয়া, কালিদহ থেকে বহু মানুষ বুদবুদ যেতে এলে এই রুটের বাসে চাপেন। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় তাঁদেরও দুর্ভোগ পোহাতে হয়। সরকারি বাস চললে এই সমস্যা মিটবে। যাত্রীরা জানান, বাস কম থাকায় টোটো বা গাড়ির উপর নির্ভর করতে হয়। অভিযোগ, স্বল্প দূরত্বের রাস্তা হলেও প্রায় দ্বিগুন বা তিনগুন ভাড়া দাবি করা হয়। সরকারি বাস চললে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে।  
বিষয়টি নিয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, সবে সরকার গঠন হয়েছে। অনেক নতুন বাস কেনা হবে। আগের সরকার দাবি করত নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে। কিন্তু সে দাবি যে কতটা ভুয়ো তা সাধারণ মানুষ বুঝতে পারছেন। ওই এলাকার বাসিন্দাদের সমস্যার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। অবশ্যই সমস্যার সমাধান হবে।