সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে নতুন ইনিংস ওমরের
নিজস্ব প্রতিনিধি: জীবনের ৫৬টি বসন্ত পেরিয়ে দাম্পত্যের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাত্রী দেশের সংবাদমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ, নামী সাংবাদিক নিধি রাজদান। দীর্ঘ আইনি টানাপড়েন এবং দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই হাইপ্রোফাইল জুটি। শনিবার সেই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন নবদম্পতি।
শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে ওমর নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করে লেখেন, ‘গতকাল (শুক্রবার) থেকে শুরু হল আমাদের নতুন ইনিংস।’ এই পোস্টে তিনি তাঁর জীবনসঙ্গী নিধিকে ট্যাগ করার পাশাপাশি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। ওমরের সেই পোস্টের জবাবে নিধিও রসিকতা করে লিখেছেন, ‘ইটস ডান ব্রো!’ ছবিতে দু’জনকেই বিয়ের ছিমছাম, রুচিসম্মত সাজে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিশেষ বিবাহ আইনের অধীনে দিল্লির একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়। এর আগে শ্রীনগরে দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট অনুষ্ঠানও হয়েছিল। বিয়েতে ওমরের বাবা তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, মা মলি এবং তাঁর তিন বোন উপস্থিত ছিলেন। পাত্রীপক্ষের তরফে উপস্থিত ছিলেন নিধির বাবা, প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদান।
প্রসঙ্গত, ওমর আবদুল্লা ও তাঁর প্রথমা স্ত্রী পায়ালের দীর্ঘ বিবাহবিচ্ছেদের মামলার অবসান ঘটে চলতি বছরের জুলাই মাসে। সুপ্রিম কোর্টের মাধ্যমে পারস্পরিক সমঝোতায় তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর হওয়ার পরই ওমরের দ্বিতীয় বিয়ের রাস্তা পরিষ্কার হয়। অন্যদিকে, এটি নিধি রাজদানেরও দ্বিতীয় বিয়ে। নতুন করে পথ চলা শুরু করা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও মেহবুবা মুফতির মতো শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব। আজ, শনিবার দিল্লিতে তাঁদের একটি প্রীতিভোজের আসর বসার কথা রয়েছে।

