জেলা
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ বকেয়া ডিএ মেটাচ্ছে সরকার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসবের মরসুমের আগেই বড়সড় সুখবর নিয়ে এল নবান্ন। দীর্ঘদিন ধরে আটকে থাকা সাত বছরের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবার এককালীন মিটিয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার রাজ্যের অর্থদপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল, তা সরকারি কর্মচারীদের এককালীন দিয়ে দেওয়া হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ১০০ শতাংশ নিউট্রালাইজেশন নীতি মেনে এই বকেয়া অর্থের হিসাব কষা হবে। সরকারের এই পদক্ষেপে বর্তমান রাজ্য সরকারি কর্মী, শিক্ষাকর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণির কর্মচারীদের এই প্রাপ্য অর্থ সরাসরি তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এর আগে চলতি বছরের মার্চ মাসে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল নবান্ন। কিন্তু তার আগের সাত বছরের বিরাট অঙ্কের বকেয়া টাকা কর্মীরা কবে পাবেন, তা নিয়ে সংশয় ও প্রশ্ন থেকেই গিয়েছিল। বুধবারের এই বিজ্ঞপ্তি সেই সমস্ত ধোঁয়াশা এক লহমায় কেটে দিল। এদিকে, এই বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রক্রিয়াটি নির্ভুল রাখতে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিও-দের বিশেষ নির্দেশ দিয়েছে অর্থদপ্তর। কর্মীদের সার্ভিস ও পে-রেকর্ড ভালো করে খতিয়ে দেখে নিখুঁত হিসাব করার পাশাপাশি প্রচলিত নিয়ম মেনে আয়কর কাটারও নির্দেশ দেওয়া হয়েছে। পুরো লেনদেন প্রক্রিয়াটি মসৃণ ও দ্রুত করতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (HRMS) পোর্টালে প্রয়োজনীয় প্রযুক্তিগত বদল আনা হচ্ছে। সব মিলিয়ে, পুজোর মুখে সরকারের এই এককালীন বকেয়া মেটানোর সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্য সরকারি মহলে।

