জেলা
প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ, রামপুরহাটে যুবক আটক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি-সহ কুরুচিকর পোস্ট ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি রামপুরহাট শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্রম রাহী।
ঘটনার সূত্রপাত রবিবার, যখন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট দেশের মানুষের অনুভূতিতে আঘাত হানছে এবং সমাজে নেতিবাচক বার্তা ছড়াচ্ছে। পাশাপাশি এ ধরনের পোস্ট বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও আবেদন জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রামপুরহাট থানার পুলিশ। তদন্তের পর অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

