বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বেআইনি মজুতদারির বিরুদ্ধে সাফল্য পুলিশের! উদ্ধার ৯২ বস্তা শুকনো সুপারি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
বেআইনি মজুতদারির বিরুদ্ধে সাফল্য পুলিশের! উদ্ধার ৯২ বস্তা শুকনো সুপারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: বেআইনি মজুতদারি ও পাচার রুখতে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মাদারিহাট থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৯২ বস্তা অবৈধ শুকনো সুপারি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশুরঞ্জন বিশ্বাস ওরফে বাপ্পা। সে মাদারিহাটের অশ্বিনীনগর এলাকার বাসিন্দা। শনিবার রাতে অশ্বিনীনগর এলাকায় বেআইনিভাবে প্রচুর পরিমাণ শুকনো সুপারি মজুত করে রাখা হয়েছে বলে পুলিশের কাছে গোপন খবর আসে। সেই খবরের ভিত্তিতেই মাদারিহাট থানার পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে থরে থরে সাজানো ৯২ বস্তা শুকনো সুপারি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি বস্তার ওজন প্রায় ৮০ কেজি। অর্থাৎ সব মিলিয়ে ৭ হাজার ৩৬০ কেজিরও বেশি শুকনো সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। অভিযানের সময় পুলিশ বিশুরঞ্জন বিশ্বাসের কাছে বিপুল পরিমাণ এই সুপারির বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সুপারির মালিকানা বা আমদানির স্বপক্ষে কোনও বৈধ নথিপত্রই দেখাতে পারেনি। এরপরই সমস্ত সুপারি বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত বিশুরঞ্জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।

রবিবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে। বিপুল পরিমাণ এই শুকনো সুপারি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।

আরও জেলা খবর