জেলা
রেল সাবওয়ে পাচ্ছে বহরমপুরের কর্ণসুবর্ণ, খুশি এলাকা
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেল ক্রসিংয়ে ট্রেন ও পুলকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিল চার শিশু-সহ পাঁচজন। সেই মর্মান্তিক দুর্ঘটনার ১০ দিনের মাথায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে সেখানে সাবওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দুর্ঘটনার পর থেকেই ওই এলাকায় রেল গেটের পরিবর্তে সাবওয়ের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে রেলের এই সবুজ সংকেতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রেলের তরফে এই সাবওয়ে নির্মাণের প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু করা হচ্ছে। কাজের গতি বাড়াতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি (NOC) চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য ও রেলের সমন্বয়ে যুদ্ধকালীন তৎপরতায় এই সাবওয়ে তৈরির কাজ শেষ করতে চাইছে রেল কর্তৃপক্ষ।
এদিকে এই দুর্ঘটনার পর রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কর্ণসুবর্ণ রেলগেটে যাতে সাধারণ মানুষের সুরক্ষা আরও বাড়ানো যায়, সেদিকে কড়া নজর দিতে হবে। এই বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে যদি আমাকে নিজে কথা বলতে হয়, তবে আমি অবশ্যই বলব।”
অন্যদিকে, ওই অভিশপ্ত দিনে কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানতে সমান্তরাল তদন্ত চালাচ্ছে রেল দপ্তর ও পুলিশ। ঘটনার দিন ডিউটিতে থাকা গেটম্যান এবং স্টেশন মাস্টারের ভূমিকায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ফরেনসিক বিভাগের আধিকারিকরা দুর্ঘটনাস্থল ঘুরে একাধিক নমুনা সংগ্রহ করেছেন। সাবওয়ে তৈরি হলে এই লাইনে দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

