জেলা
বীরভূমের পাইকরে নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের পাইকর থানা এলাকায় এক দশম শ্রেণির নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ধানঘরা গ্রামের রোমিও মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রোমিও মন্ডলকে গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ।আজ ধৃতকে রামপুরহাট মহুকুমা আদালতে তোলা হয়।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের সময় নাবালিকাকে অনুসরণ করতেন এবং বিভিন্নভাবে বিরক্ত করতেন।শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁর সঙ্গে অসদাচরণ করা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে পরিবারের দাবি। পাশাপাশি মারধর করে একটি নালায় ফেলে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে পাইকর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

