নীতিহীনতা বৃদ্ধি পাচ্ছে
আমাদের সনাতন ধর্মের সূত্র গুলি শাশ্বত সত্যের উপর প্রতিষ্ঠিত। নানা কারণে একটা বিশেষ সমাজ একটা বিশেষ সময়ে ধর্ম বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। সাময়িকভাবে যেটা লোভনীয় ও ক্ষণস্থায়ী, সেই জিনিসের প্রলোভনে পড়ে মানুষ ধর্মের নীতিগুলির উপর আগ্রহ হারিয়ে ফেলতে পারে। এইভাবে ধর্মের অবক্ষয় শুরু হয়। যদি আমরা ধর্ম ও নীতি না মানি তবে সেই নীতি গুলি অচল হয়ে যায় না। আমাদের দেশে ক্রমশ ধর্ম ও নীতিহীনতা বৃদ্ধি পাচ্ছে। মানুষই এর জন্য ক্ষতিগ্রস্ত হয়। স্বামী বিবেকানন্দ আমাদের সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে—সমস্ত রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা এবং সংগঠন প্রধানত মানুষের সততার উপর নির্ভর করে। সংসদের কোন বিধি অনুসারে মানুষ ধার্মিক হয়ে উঠতে পারে না। সংসদ ভালো আইন পাস করলেও রাষ্ট্র আপনা আপনি শক্তিশালী হয়ে উঠবে এ কথা বলা যায় না। যদি দেশবাসী ভালো ও মহৎ হয় তবেই দেশ আপনা থেকে ভালো ও মহৎ হয়ে উঠবে। জগতের সমস্ত সম্পদের শ্রেষ্ঠ সম্পদ মানুষ। যেকোনো সমাজেই মানুষ তাদের বস্তু জগতে চাহিদা অবশ্যই মেটাতে চাইবে। মানুষ তার দৈনন্দিন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি নিশ্চিত ভাবেই চাইবে। কোন রাষ্ট্র সেই চাহিদা মেটালেও সেই ব্যবস্থা একটা সময় ভেঙে পড়বে। যদি কোন সভ্যতা ধর্মের ভিত্তিতে অথবা মানুষের সৎ গুণের ভিত্তিতে গড়ে না ওঠে তবে তা টিকবে না। যদি ধর্ম ঠিক থাকে তবে সবই ঠিক থাকবে। ধর্ম আবিষ্কার করেছে যে, নৈতিক উদ্দীপনা এবং অন্তরের পবিত্রতা শক্তির প্রকৃত উৎস। এভাবে ধর্ম সমস্ত সমস্যার মূলে কুঠারাঘাত করে মানুষের চরিত্র গড়ে তোলে। আজকে সমাজের এই দুরবস্থার জন্য ধর্মের কোন দোষ নেই। বলা যায় সমাজে যেভাবে ধর্মের প্রয়োগ হওয়া উচিত সেই ভাবে হচ্ছে না বলেই সমাজের এই দুর্দশা। জাতীয় শক্তি অর্জন করার গোপন সূত্র হলো আমাদের নিজেদের আধ্যাত্মিক শক্তি আগেই পুনরুদ্ধার করতে হবে যে শক্তি আমরা প্রায় হারিয়ে বসেছি। রাজনীতিতে যে কোন পক্ষই জিততে পারে, কিন্তু যদি মানুষের মন থেকে স্বার্থপরতা দূর হয়ে পবিত্রতা না আসে তবে আমাদের রাজনৈতিক জীবন বিঘ্নিত হবে। যে মানুষের অন্তঃকরণ পবিত্র সেরকম মানুষের সমতুল্য আর কেউ হতে পারেনা।

