পরমেশ্বরের কৃপালাভ
আমরা সকলেই পরমেশ্বরের কৃপা লাভের জন্য প্রার্থনা করি। এই কৃপা লাভের অধিকারীর সাধন পথ সম্পর্কে উপনিষদে বলা হয়েছে পিপীলিকামার্গ ও বিহঙ্গমমার্গ বা শুকমার্গের কথা। পিঁপড়ে যেমন ধীরে ধীরে অগ্রসর হয়ে কোন মিষ্ট দ্রব্যের সন্ধান পায় ও তা খেয়ে পরিতৃপ্ত হয়, সেই রূপ সাধারণভাবে কৃপালাভের অধিকারী বহু জন্মে ধীরে ধীরে নিষ্কাম কর্ম, শমদমের অভ্যাস ও উপাসনার সহায়ে শুদ্ধচিত্ত হয়ে ক্রমশ জ্ঞানসাধন অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানলাভ করতে সমর্থ হয়। এটিই রাজমার্গ। এই মার্গে ক্রমশ মুক্তি হয়। আর বিহঙ্গমমার্গ বা শুকমার্গে কতিপয় বিরল সাধক গমণ করে থাকেন। শুকপক্ষী ( তোতা বা ময়না) যেমন হঠাৎ উড়ে এসে সুপক্ক ফলে চঞ্চু প্রবেশ করিয়ে সেই ফলের আস্বাদনে পরিতৃপ্ত হয়, সেইরূপ কোন কোন অধিকারী হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোন নিমিত্ত অবলম্বনে তত্ত্বজ্ঞান লাভে কৃতকৃত্য হন। তাঁদের আর শমদম প্রভৃতি সাধন অভ্যাস করে ধীরে ধীরে অগ্রসর হতে হয় না। যেমন যোগবাসিষ্ঠে মহারাজ জনকের কথা আছে। মহারাজ জনক উদ্যানে ভ্রমণকালে হঠাৎ সিদ্ধগীত শুনতে পেয়ে বৈরাগ্যপূর্ণ চিত্তে গৃহে ফিরে এসে আত্মবিচার করতে করতে অল্প কালের মধ্যেই তত্ত্বজ্ঞান লাভে শান্তচিত্ত হয়েছিলেন। এইরূপ অধিকারী খুবই বিরল। যোগবাসিষ্ঠে বলা হয়েছে কৃপা চার প্রকার —আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা ও ঈশ্বরকৃপা। এই চার প্রকার কৃপার অধিকারী হলে তত্ত্বজ্ঞান লাভ হয়। কিন্তু যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয়, ততদিন কেউ সদগুরু অথবা সৎশাস্ত্রের আশ্রয় লাভ করতে পারে না। আত্মকৃপাই মুখ্য। আত্মকৃপা থাকলে অপর কৃপাগুলি সহায়ক হয়। আত্মকৃপা হলে ঈশ্বরেরও কৃপা হয়। ঈশ্বরকৃপা ছাড়া সর্ব কৃপাই ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই নিরভিমান হয়ে ভজনাদি সহায়ে ঈশ্বরকৃপা লাভে যত্নবান হওয়া কর্তব্য। ঈশ্বর ন্যায়পরায়ণ ও কর্মফলদাতা। কর্মফল প্রদান করে জীবের ভোগ শেষ করে ঈশ্বর তাকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করেন। এটিই ঈশ্বরের বিশেষ কৃপা। ঈশ্বরকৃপাবলেই ব্রহ্মনিষ্ঠ সদ্ গুরুর আশ্রয় লাভ হয়ে থাকে। ঈশ্বর ও গুরু সদা কৃপাময়। তথাপি মুমুক্ষু জীব যদি নিজের কল্যাণ প্রচেষ্টা না করে, শান্তি লাভের প্রচেষ্টা না করে, তবে কিছুই হয় না। আত্মকৃপা থাকলে অন্য তিন কৃপাও তার সঙ্গে মিলিত হয়ে মোক্ষলাভের পথ সুগম করে দেয়।

