ধর্ম হবে বাতাসের মতো
খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর এক অসাধারণ পন্ডিত ও দার্শনিক ছিলেন চীন দেশের কনফুসিয়াস। তিনি এমন এক যুগের পন্ডিত ছিলেন যখন মানুষের জীবন যন্ত্রণা ছিল কিন্তু জীবন দর্শন ছিল আরো স্পষ্ট। প্রথম জীবনে কনফুসিয়াস ছিলেন পুলিশ কমিশনার। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ঋষি। তাঁর জীবন দর্শন, শিক্ষা, আদর্শ যে কোন শক্তিশালী সম্রাটের সাম্রাজ্যের চেয়েও বিস্তৃত হলো। কনফুসিয়াস বললেন আদর্শ মানবের পথ হল নিজের মধ্যে মানবিক গুণসমূহ ফুটিয়ে তোলা, উদারতাকে পথ করে শিল্প ও সংস্কৃতির মধ্যে আনন্দ খোঁজা। আদর্শ ও ভালো মানুষ হতে হবে শুধুমাত্র ভালো মানুষ হওয়ার জন্যেই। এই গুণ ভাঙ্গিয়ে জীবনের বৈষয়িক সাফল্য খুঁজলে হবে না। তিনি জোর দিতেন আচরণবিধি ও নৈতিকতার উপর। ভদ্র ও সৎ মানুষের ধর্ম হবে বাতাসের মতো, আর ক্ষুদ্র মানুষের ধর্ম হবে ঘাসের মতো। বাতাসকে ঘাসের উপর দিয়ে বয়ে যেতে দিন, দেখবেন ঘাস কেমন আপনিই নুয়ে পড়েছে। তিনি একজন ডিউককে বললেন, সৎ ও ন্যায়পরায়ণ মানুষদের উৎসাহ দিয়ে সামনে টেনে আনো। অসৎ অসাধুদের ফেলে দাও ভাগাড়ে, দেখবে সাধারণ মানুষ তোমাকে প্রাণের চেয়েও আপন করে নেবে। উল্টোটা করে দেখো অসাধুদের মাথায় তোলো, দেখবে সাধারণ মানুষ তোমাকেই ফেলে দেবে ভাগাড়ে। তিনি বললেন, যারা জ্ঞানী হয়ে জন্মায় তারা শ্রেষ্ঠ। তারপরের স্তর হল তারা, যারা লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এরপরের স্তরে তারা, যারা বিপদে পড়ে লেখাপড়ার দিকে ঝুঁকে জ্ঞানী হয়। একেবারে নিম্নস্তরে তারা, যারা ঠেকেও শেখেনা, শিখতে চায় না। জ্ঞানের অন্বেষণই তাঁর মতে মানুষের শ্রেষ্ঠ কর্ম। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, সেটি হলো —তোমার ভালো কাজ অন্যের নজরে পড়ল না বলে বিচলিত হয়ো না, বরং অন্যের কাজের প্রশংসা তুমি করতে পারলে না বলে বিচলিত হও।

