এবার প্রার্থনায় বন্দেমাতরম পালন করবে স্কুলগুলি
নিজস্ব প্রতিনিধিঃ প্রার্থনার সময় স্কুলে 'বন্দেমাতরম' গাওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছে রাজ্যের শিক্ষা দফতর। যদিও বুধবার দুপুর পর্যন্ত এমন নির্দেশিকা আসেনি বলে জানিয়েছে জেলার স্কুলগুলি। তবে সরকার যেমন নির্দেশ দেবে, তা পালন করা হবে বলে জানিয়েছে স্কুলগুলি।
মাসখানেক আগেই এক নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, যে কোনও সরকারি অনুষ্ঠানে এ বার থেকে জাতীয় সঙ্গীতের সঙ্গে গাইতে হবে ‘বন্দেমাতরম’ও। এর বিধিও স্থির করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এ বার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই স্কুল শিক্ষা দফতর এ দিন প্রার্থনায় ‘বন্দেমাতরম’ গাওয়ার নির্দেশিকা জারি করল।
বীরভূম জেলার এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, এরকম নির্দেশিকা এখনও পাইনি। পেলে নিশ্চয় তা পালন করা হবে। একই কথা শোনা গিয়েছে সিউড়ির একটি স্কুলের প্রধান শিক্ষিকের মুখেও। প্রত্যেকের দাবি, সরকারি নির্দেশ যেমন আসবে, তেমনই পালন করা হবে।
বোলপুরের স্কুলগুলির কাছেও এখনও কোন নির্দেশিকা এসে পৌঁছয়নি। তবে তাঁরাও শুনছেন এমন নির্দেশ আসতে চলছে। বিনুরিয়া সুমিত্রা বালিকা বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষিকা অদিতি মজুমদার বলেন, এখনও পর্যন্ত কোনও নির্দেশ পাইনি। যেমন নির্দেশ আসবে সে ভাবেই কাজ হবে।
জেলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন, নির্দেশিকা পেলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দেমাতরম গাওয়ার ব্যবস্থা করা হবে।
এ নিয়ে রাজ্যের শিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে ‘বন্দেমাতরম’ গাওয়া নিয়ে এখনও কোনও নির্দেশিকা শিক্ষা দফতর থেকে দেওয়া হয়নি। তবে এই গানকে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়া নিয়ে ভাবনা-চিন্তা রয়েছে। সে সংক্রান্ত প্রাথমিক প্রস্তাব জেলা শিক্ষা দফতরগুলিতে পাঠানো হয়েছে।

