বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বেআইনি গো-হত্যার অভিযোগে সাগরদিঘিতে ধৃত চার, পরে জামিন

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
বেআইনি গো-হত্যার অভিযোগে সাগরদিঘিতে ধৃত চার, পরে জামিন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের সাগরদিঘিতে বেআইনি ভাবে গো-হত্যা ও মাংস বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে হাজিপুর এলাকার একটি নির্জন ঘর থেকে তাঁদের পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে প্রায় ৭০ কেজি মাংস। তবে ধৃতেরা পরে জঙ্গিপুর মহকুমা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবারই গো-হত্যা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই হুঁশিয়ারির পরের দিনই পুলিশের এই পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নজফুল হক, হেসামুদ্দিন শেখ, কেতাবুল শেখ এবং সামশুল হক। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে হাজিপুরের ওই নির্জন বাড়িতে হানা দেয় সাগরদিঘি থানার পুলিশ। সেখানে সরকারি অনুমতি বা বৈধ লাইসেন্স ছাড়াই পশু জবাই চলছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি মাংস বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। পরে নিয়ম মেনে সেই মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

জঙ্গিপুরের এসডিপিও লক্ষ্মণপ্রতাপ চৌধুরী জানান, সরকারি অনুমতি ও লাইসেন্স ছাড়া গো-হত্যার খবর পেয়েই পুলিশ অভিযান চালায়। ধৃত চার জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন ১৯৫০-এর ৪, ৫ এবং ৭ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিংহ যাদব বলেন, “আইন মেনেই পুলিশ ওই চার জনকে গ্রেফতার করেছিল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।”

এ দিন ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। তবে এলাকায় যাতে কোনো রকম অশান্তি না ছড়ায়, সে দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।

আরও রাজ্য খবর