গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ
নিজস্ব সংবাদদাতা: ইভিএম সংক্রান্ত গুজব ছড়ানো এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে লালবাজারের সাইবার সেলের আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্রে খবর, কেবল উস্কানিমূলক বয়ানই নয়, তল্লাশির সময় তাঁর কাছ থেকে ২৪ রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার হয়েছে।২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় থেকেই গর্গের গতিবিধি ছিল প্রশাসনের নজরে। অভিযোগ, ভোটগণনার দিন ইভিএম বদল ও কারচুপির দাবি তুলে সমাজমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট করেছিলেন তিনি। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডে গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালায় সাইবার ক্রাইম থানা।পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, সমাজমাধ্যমে গুজব ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের অনাস্থা তৈরির চেষ্টা করেছিলেন গর্গ। এদিন দেশপ্রিয় পার্কের কাছে তাঁর গোপন ডেরার হদিশ পায় পুলিশ। সেখান থেকেই তাঁকে পাকড়াও করা হয়। উদ্ধার হওয়া কার্তুজ নিয়ে গর্গের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই ‘বাঙালি অস্মিতা’ ও হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রচার চালিয়ে বিতর্কে জড়িয়েছেন এই হার্ভার্ড ফেরত গবেষক। এর আগে অসমের অহোম সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার দায়েও তাঁকে আইনি গেরোয় পড়তে হয়েছিল। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে তাঁর এই গ্রেপ্তারিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার তাঁকে নগর দায়রা আদালতে পেশ করার কথা রয়েছে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে বলে সূত্রের খবর।

