খেলা
চ্যাম্পিয়ন হয়েও ট্রফিহীন ভারত, হরমনপ্রীতদের ট্রফিও কি ‘অপ্রাপ্তি’ তালিকায়?
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ মাঠের লড়াইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টমবার এশিয়া কাপের ট্রফি জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষের পর তৈরি হল এক অদ্ভুত ও বিতর্কিত পরিস্থিতি। পুরুষ ক্রিকেট দলের পর এবার মহিলাদের এশিয়া কাপের ফাইনালেও দেখা গেল একই ছবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করল হরমনপ্রীত কৌরের ভারত।
প্রশ্ন উঠছে, গতবার পুরুষদের এশিয়া কাপ জেতার পর সূর্যকুমার যাদবের দল যেমন ট্রফি ছাড়াই দেশে ফিরেছিল, এবার কি হরমনপ্রীতদের ভাগ্যতেও একই ‘অপ্রাপ্তি’ লেখা রয়েছে? প্রায় এক বছর আগে ভারত-পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের কারণে নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমাররা। সেই ট্রফি আজও জমা রয়েছে দুবাইয়ে এসিসি-র অফিসে। রবিবার রাতের দুবাইয়ে যেন সেই ঘটনারই হুবহু পুনরাবৃত্তি ঘটল।
পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নকভি উপস্থিত হতেই ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দেয়, তারা নকভির হাত থেকে পুরস্কার নেবে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর উপ-বিজেতা শ্রীলঙ্কার হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হলেও, টিম ইন্ডিয়া মাঠেই ফেরেনি। ভারতীয় শিবির সাজঘরেই নিজেদের মধ্যে মেডেল দেওয়ার উৎসব সেরে নেয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিসিসিআই এবং সরকারের কঠোর অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে এবারও আসল ট্রফিটি নকভি নিজের কাছে বা এসিসি-র দফতরেই রেখে দেবেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাঠের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েও হরমনপ্রীতদের ট্রফি হাতে না পাওয়ার এই ঘটনা ক্রিকেটের আঙিনায় এক নতুন বিতর্কের জন্ম দিল।

