ক্রিকেট মাঠে এবার ভারত-জাপান দ্বৈরথ, ঐতিহাসিক সুজুকি কাপ
নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে দুই চিরপরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে বার ছয়েক। তবে এবার সবুজ গালিচার লড়াই গড়াচ্ছে বাইশ গজের বৃত্তে। বিশ্ব ক্রিকেট মহলে এক নতুন রূপকথার জন্ম দিয়ে এবার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও জাপান। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছে সামুরাইয়ের দেশ। দুই দেশের ক্রিকেট ইতিহাসের এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং জাপান ক্রিকেট সংস্থা (JCA) যৌথ বিবৃতি দিয়ে এই দ্বৈরথের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। মূলত ভারত ও জাপানের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করতেই এই বিশেষ ম্যাচের আয়োজন। দুই দেশের এই ক্রিকেট যুদ্ধের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সুজুকি কাপ’। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
এই ম্যাচটি কেবল বিনোদন বা বার্ষিকী উদযাপনের অঙ্গ নয়, এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক গুরুত্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুই দেশের সম্পর্ককে ক্রীড়াক্ষেত্রে মজবুত করতে ‘স্পোর্ট ৭৫’ নামে একটি বিশেষ চুক্তিতে সই করেছেন। এই সুদূরপ্রসারী উদ্যোগেরই প্রথম ও প্রধান ধাপ হিসেবে মাঠে গড়াবে ভারত-জাপান দ্বৈরথ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মানচিত্রে জাপান হতে চলেছে ভারতের ২০তম প্রতিপক্ষ। এশিয়ান গেমসের মূল মঞ্চে নামার ঠিক আগেই এই ম্যাচটি ভারতীয় দলের জন্য যেমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ, তেমনই জাপানের মাটিতে ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

