খেলা
কমনওয়েলথ গেমসে ভারতের জোড়া সোনা, এল আরও পদক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: কমনওয়েলথ গেমসের মঞ্চে সাফল্যের ধারা বজায় রেখে বিশ্বমঞ্চে ফের ওড়ল ভারতের তেরঙা পতাকা। সোমবার ভারতীয় সময়ের মধ্যরাতে গেমসে ভারতের ঝুলিতে এলো দ্বিতীয় সোনা। মহিলাদের এফ-৫৭ (F57) প্যারা শটপুট ফাইনালে অসাধারণ পারফর্ম করে দেশকে সোনা এনে দিলেন ভারতীয় অ্যাথলিট শর্মিলা ধনকার। ৪০ বছর বয়সি শর্মিলা নিজের ইভেন্টে মোট ছয়টি থ্রো করেন। তার মধ্যে তাঁর সেরা থ্রোটি ছিল ৯.৮১ মিটারের। আর এই অনবদ্য থ্রো-এর সৌজন্যেই শর্মিলার গলায় উঠল সোনার পদক।
ভারতের এই সাফল্যের রাতে প্যারা শটপুটের এই একই ইভেন্ট থেকে এল আরও একটি পদক। ৭.২৬ মিটার থ্রো করে এই ইভেন্ট থেকেই ব্রোঞ্জ পদক জিতলেন ভারতেরই আরেক অ্যাথলিট শিল্পা কে শায়লা। একই ইভেন্টে দুই ভারতীয় কন্যার পোডিয়াম ফিনিশে স্বভাবতই আনন্দের হাওয়া ভারতীয় শিবিরে। অন্যদিকে, গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এসেছে রূপো। পুরুষদের হাই জাম্পের ফাইনালে দুর্দান্ত লড়াই করে রূপো জিতেছেন ভারতের অনিল কুশারে।
পাশাপাশি, ভারোত্তোলনের আঙিনা থেকেও পদক জিতেছে ভারত। পুরুষদের ৭৯ কেজি বিভাগে দেশকে রূপো এনে দিলেন ভল্লুরি অজয় বাবু। তবে মাত্র ১ কেজির জন্য সোনা হাতছাড়া হওয়ায় কিছুটা আফসোস থাকছে অজয়ের। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক—দুই বিভাগ মিলিয়ে অজয় মোট ৩৩০ কেজি ওজন তোলেন। অন্যদিকে, মালয়েশিয়ার হিদায়াত মোহাম্মদ মোট ৩৩১ কেজি ওজন তুলে সোনা পকেটে পুরে নেন। সব মিলিয়ে কমনওয়েলথের এই মেগা মঞ্চে একের পর এক পদক জিতে দেশের নাম উজ্জ্বল করছেন ভারতীয় অ্যাথলিটরা।

