বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

ব্রাজিল ম্যাচের আগে কলকাতায় বিশ্বজয়ী অধিনায়ক কাফু, উন্মাদনার পারদ তুঙ্গে

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে কলকাতায় বিশ্বজয়ী অধিনায়ক কাফু, উন্মাদনার পারদ তুঙ্গে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে চলেছে ফুটবলের ঐতিহাসিক আসর। ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই মেগা ম্যাচের ঢাকে কাঠি পড়তে এখনও মাসখানেক বাকি, কিন্তু তার আগেই তিলোত্তমার ফুটবলের উন্মাদনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে গেলেন খোদ ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কাফু। সোমবার কলকাতায় পা রেখেই নিজের জাদুকরী উপস্থিতিতে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিলেন তিনি। 

কলকাতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন এই ব্রাজিলীয় তারকা। ফুটবলের মক্কায় কাফুকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারের তরফে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এই বিশেষ সাক্ষাত্কারের সময় কিংবদন্তি ফুটবলারের হাতে ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসেবে স্বামী বিবেকানন্দের একটি ছবি তুলে দেন মুখ্যমন্ত্রী। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারের সঙ্গে বাংলার ফুটবল পরিকাঠামো এবং আগামী দিনে এ দেশে ফুটবলের প্রসার নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়। কাফুও কলকাতার ফুটবল ঐতিহ্য ও আবেগের ভূয়সী প্রশংসা করেন। 
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব সারার পাশাপাশি এদিন মহানগরের এক অনন্য মানবিক রূপেরও সাক্ষী থাকলেন ২০০২ সালের বিশ্বজয়ী অধিনায়ক। কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান কাফু। শুধু কচিকাঁচাদের সান্নিধ্য দেওয়াই নয়, নিজের সই করা ফুটবলও তুলে দেন তাদের হাতে। বিশ্বজয়ী ক্যাপ্টেনের হাত থেকে ফুটবল পেয়ে আনন্দে আত্মহারা খুদেরা। অক্টোবরের ব্লকবাস্টার ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট ইতিমধ্যেই সোলাড আউট হয়ে গিয়েছে। তার আগে কাফুর এই সফর কলকাতার ফুটবল জ্বরের পারদকে যে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

আরও খেলার খবর