খেলা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের বিস্ফোরক অভিযোগ, কাঠগড়ায় বাংলার তারকা ক্রিকেটার
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস এবং পরবর্তীতে প্রতারণার এক বিস্ফোরক অভিযোগে জড়াল বাংলার ক্রিকেট মহলের অত্যন্ত পরিচিত মুখ অভিষেক পোড়েলের নাম। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার এবং ঘরোয়া ক্রিকেটে বাংলার অন্যতম প্রধান স্তম্ভ চন্দননগরের বাসিন্দা এই ক্রিকেটারের বিরুদ্ধে মঙ্গলবার হুগলির মগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবতী। অভিযোগকারিণী কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়া। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন তারকা ক্রিকেটার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ডাক্তারি পড়ুয়া তরুণীর সঙ্গে গত সাড়ে তিন বছর ধরে অভিষেকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ে হওয়ার কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তরুণীর অভিযোগ, বছর দেড়েক আগে তাঁদের সম্পর্কের মধ্যে আচমকাই অবনতি ঘটে এবং ক্রিকেটার তাঁর থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। সেই সময় বিষয়টি স্থানীয় থানা পর্যন্ত গড়ালেও, কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অবশেষে মঙ্গলবার নিজের মায়ের সঙ্গে মগড়া থানায় হাজির হয়ে ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত এফআইআর (FIR) দায়ের করেন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি তাঁর ওপর মারধর এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে।
অভিযোগের গুরুত্ব এবং হাইপ্রোফাইল ক্রিকেটারের নাম জড়িয়ে থাকার কারণে নড়েচড়ে বসেছে হুগলি জেলা পুলিশ প্রশাসন। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি মগড়া থানায় ছুটে আসেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিংহ। সেখানে তিনি ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং থানার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে দীর্ঘ বৈঠক করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য সবরকমের আইনি তদন্ত শুরু করা হয়েছে।
অন্যদিকে, এই মুহূর্তে বেঙ্গালুরুতে থাকা অভিষেক পোড়েল নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলে সূত্রের খবর। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ার এবং ইমেজ নষ্ট করার জন্য এক পরিকল্পিত উপায়ে এই নোংরা ও অসত্য অভিযোগ সাজানো হয়েছে। আইনি প্রক্রিয়ার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তে তিনি পুলিশকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। ক্রিকেটের বাইশ গজে দারুণ ফর্মে থাকা এই তরুণ তারকার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর আইনি জটিলতার খবরে বাংলার ক্রীড়ামহলে শোরগোল পড়ে গিয়েছে।

