মাত্র ১০০ টাকার ম্যাজিক, ১০ বছরে কেল্লাফতে!
নিজস্ব প্রতিনিধি: মাসে মাত্র ১,০০০ টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন? তা হলে আপনার জন্য রয়েছে একটি সহজ কিন্তু দুর্দান্ত কৌশল। সামান্য একটি আর্থিক পরিবর্তনের মাধ্যমেই দীর্ঘমেয়াদে আপনার সঞ্চিত ফান্ডের অঙ্ক এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব। প্রতি বছর যদি মাসিক এসআইপি (SIP)-র পরিমাণ মাত্র ১০০ টাকা করে বাড়ানো যায়, তবে ১০ বছর পর আপনার হাতে আসতে পারে প্রায় ৩.১৫ লক্ষ টাকা। অন্যদিকে, মাসিক বিনিয়োগের পরিমাণ সারা বছর একই রাখলে সেই ফান্ডের অঙ্ক দাঁড়াবে প্রায় ২.৩২ লক্ষ টাকা। অর্থাৎ, শুধুমাত্র এই ছোট কৌশলের পার্থক্যে আপনার লাভ হতে পারে প্রায় ৮২ হাজার টাকা বেশি।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি চক্রবৃদ্ধি হারে রিটার্ন বা ‘কম্পাউন্ডিং’-এর শক্তি দীর্ঘমেয়াদে পুঁজি বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই চাকুরিজীবী বা ব্যবসায়ীদের প্রতি বছর আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে এসআইপির অঙ্কও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এই বিশেষ সঞ্চয় পদ্ধতিকে ফিন্যান্সের ভাষায় বলা হয় ‘স্টেপ-আপ এসআইপি’ (Step-up SIP)।
একটি সাধারণ হিসাব কষলেই এই ম্যাজিক পরিষ্কার হয়ে যায়। ১২ শতাংশ আনুমানিক রিটার্ন ধরে চললে, সাধারণ বিনিয়োগে ১০ বছরে আপনার মোট জমা হবে ১.২০ লক্ষ টাকা, যা সুদে-আসলে দাঁড়াবে ২.৩২ লক্ষ টাকা। কিন্তু প্রতি বছর ১০০ টাকা করে কিস্তি বাড়ালে মোট জমা পড়বে ১.৭৪ লক্ষ টাকা, যা মেয়াদ শেষে দাঁড়াবে ৩.১৫ লক্ষ টাকা। অর্থাৎ, অতিরিক্ত মাত্র ৫৪,০০০ টাকা বিনিয়োগ করে আপনি রিটার্ন পাচ্ছেন প্রায় ৮২,০০০ টাকা বেশি। নতুন লগ্নিকারীদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক এবং শৃঙ্খলিত বিনিয়োগ কৌশল হতে পারে।

