সংসারের উন্নতি ও সাফল্য লাভে কার্তিকপুজোর বিশেষ টোটকা
বিশেষ প্রতিবেদনঃ আগামী মঙ্গলবার, ১৭ নভেম্বর সারা রাজ্য জুড়ে পালিত হতে চলেছে কার্তিকপুজো। হিন্দুশাস্ত্রে দেবসেনাপতি কার্তিক কেবল সন্তান লাভের দেবতা হিসেবেই পরিচিত নন, বরং তিনি সংসারের সামগ্রিক উন্নতি ও দ্রুত সাফল্যেরও প্রতীক। আমাদের সমাজে নবদম্পতির বাড়ির দরজায় কার্তিক ঠাকুর রেখে আসার প্রচলন বহু পুরনো। এই রীতি মেনেই অনেক পরিবারে প্রথমবার পুজোর সূচনা হয়। আবার অনেকেই নিজের মনের বিশেষ কোনও ইচ্ছা পূরণের আশায় নিষ্ঠাভরে কার্তিকের আরাধনা করেন।
জ্যোতিষশাস্ত্র মতে, কার্তিকপুজোর দিন বিশেষ কিছু নিয়ম বা টোটকা পালন করলে জীবন থেকে সমস্ত বাধা দূর হয়। জ্যোতিষবিদেরা জানাচ্ছেন, পুজোর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরা অত্যন্ত শুভ। এরপর দেবসেনাপতির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন দিয়ে প্রার্থনা করলে কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য আসে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন বা ব্যবসার উন্নতি চাইছেন, তাঁদের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ।
শাস্ত্রমতে, কার্তিক ঠাকুরকে হলুদ রঙের ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করা উচিত। হলুদ রং বৃহস্পতির প্রতীক, যা জীবনে সমৃদ্ধি বয়ে আনে। এ ছাড়া পুজোর সময় ময়ূরের পালক ঠাকুরের আসনের পাশে রাখলে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে। বাড়ির নেতিবাচক শক্তি দূর করতেও এই টোটকা দারুণ কাজ করে।
সন্তান সুখ লাভের আশায় দম্পতিরা এই দিন একসঙ্গে বসে কার্তিকের পুজো করতে পারেন। পুজোর শেষে দরিদ্র মানুষকে সাধ্যমতো খাদ্য বা বস্ত্র দান করলে দেবতা অত্যন্ত সন্তুষ্ট হন। ভক্তিভরে এবং সঠিক নিয়ম মেনে এই সহজ উপায়গুলি পালন করলে কার্তিক ঠাকুরের কৃপায় সংসারের অভাব-অনটন দূর হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয়।

