বাসের ভাড়া বৃদ্ধিতে সায় পরিবহণমন্ত্রীর, চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে কার্যত সবুজ সঙ্কেত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। দীর্ঘ দিন ধরেই ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছিলেন কলকাতা-সহ রাজ্যের বেসরকারি বাসমালিকেরা। মঙ্গলবার সেই দাবিকে ন্যায্য বলেই মেনে নিলেন মন্ত্রী। তবে ভাড়া ঠিক কতটা বাড়বে, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত ঘোষণা করেননি তিনি। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বেশ কিছু দিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বাসমালিক সংগঠনগুলি। এমনকি, বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাদের তরফে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ মালিকপক্ষের এই দাবিকে সঙ্গত বলেই ব্যাখ্যা করেন। তাঁর কথায়, ‘‘সঠিক এবং ন্যায্য ভাবে বাসের ভাড়া বৃদ্ধি হবে।’’
ভাড়া বাড়ানোর সপক্ষে যুক্তি দিতে গিয়ে মন্ত্রী জানান, ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। পাশাপাশি বাসচালক ও কর্মীদের পারিশ্রমিকও আগের তুলনায় বেড়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামাতে এবং সাধারণ যাত্রীদের সঠিক পরিষেবা দিতে গেলে ভাড়া বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন তিনি। তবে ন্যূনতম ১৮ টাকা ভাড়ার যে দাবি মালিকেরা তুলেছেন, তা এখনই কার্যকর হচ্ছে না। পরিবহণমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ওই প্রস্তাবটি আপাতত সরকারের বিবেচনাধীন রয়েছে।
পরিবহণ দফতর সূত্রে খবর, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে এবং বাসমালিকদের সমস্যার দিকটি বিচার করেই একটি ভারসাম্যমূলক সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার। তাই একক ভাবে কোনও সিদ্ধান্ত না নিয়ে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গোচরে আনবেন পরিবহণমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই নবান্ন থেকে নতুন ভাড়ার তালিকা ঘোষণা করা হবে। ফলে আপাতত পুরনো ভাড়াতেই যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা।

