সর্বশেষ খবর
স্কুলের পাতে এবার চিকেন বিরিয়ানি
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর সরকারি স্কুলগুলির মিড ডে মিল বা মধ্যাহ্নভোজের মেনুতে এবার যুক্ত হতে চলেছে চিকেন বিরিয়ানি। পড়ুয়াদের পুষ্টির মান বাড়াতে সপ্তাহে একদিন এই জনপ্রিয় পদ দেওয়ার এক ঐতিহাসিক ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যোশেফ বিজয়। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পটিকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই জোরকদমে ময়দানে নেমে পড়েছে সে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।
খাবারের তালিকায় এমন অভিনব বদল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন জানিয়েছেন, বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর এই প্রস্তাবটি উঠে এসেছে। সপ্তাহে অন্তত একদিন স্কুলপড়ুয়াদের পাতে বিরিয়ানি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সরকার। শুধু তাই নয়, একঘেয়েমি কাটাতে সকালের প্রাতরাশের মেনু থেকেও ‘উপমা’ বাদ দিয়ে অন্য কোনো পুষ্টিকর খাবার আনা যায় কি না, তাও ভাবা হচ্ছে।
রাজ্যের স্কুল পুষ্টি কর্মসূচির সাফল্যের এই দীর্ঘ ইতিহাস মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘‘কে কামারাজ প্রথম এই মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। পরে এম করুণানিধি এতে ডিম যুক্ত করেন এবং এম জি রামচন্দ্রন (এমজিআর) এটিকে রূপ দেন পুষ্টিকর আহার কর্মসূচির। এরপর জয়ললিতা সারা সপ্তাহ ছাত্রছাত্রীদের পাতে ডিম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। একইভাবে, আমার ইচ্ছা সরকারি স্কুলগুলিতে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি চালু করার।’’
বর্তমানে তামিলনাড়ুর শিক্ষা ও সামাজিক কল্যাণ দপ্তর এই প্রকল্পের আর্থিক বরাদ্দ এবং পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখছে। রাজ্যের প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে স্কুলমুখী করতে এবং তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে এই পদক্ষেপ দেশের স্কুল পুষ্টি কর্মসূচির ইতিহাসে এক নতুন নজির গড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সব ঠিক থাকলে, খুব দ্রুতই তামিলনাড়ুর খুদে পড়ুয়াদের পাতে সুগন্ধি বিরিয়ানির স্বাদ মিলবে।

