বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পিকনিকের পর মধ্যরাতে পুকুরে নৌকাবিহার, ডুবে মৃত দুই বন্ধু

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
পিকনিকের পর মধ্যরাতে পুকুরে নৌকাবিহার, ডুবে মৃত দুই বন্ধু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পুকুরপাড়ে রাতভর পিকনিকের পর মধ্যরাতে নৌকা নিয়ে জলে নেমেছিলেন ছয় বন্ধু। কিন্তু ছোট ডিঙি নৌকাটি ছয় জনের ভার সামলাতে না পেরে আচমকাই উল্টে যায়। জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের। বাকি চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার উত্তর খানপুর গ্রামের কৃষ্ণসাগর পুকুরে। বুধবার সকালে পুকুর থেকে নিখোঁজ দুই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই ছয় বন্ধু মিলে কৃষ্ণসাগর পুকুরের পাড়ে পিকনিকের আয়োজন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিকনিকের আসরে তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন। খাওয়াদাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় মধ্যরাতে একটি ছোট ডিঙি নৌকা নিয়ে পুকুরে ঘুরতে বেরোন তাঁরা।

অন্ধকারের মধ্যে পুকুরের মাঝখানে যেতেই বিপত্তি ঘটে। ছোট ডিঙি নৌকাটি ছয় জন যুবকের ওজন সহ্য করতে না পেরে হঠাৎই উল্টে যায়। চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এসে চার জনকে জল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে বাকি দুই বন্ধু জলের তলায় তলিয়ে যান।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ। রাতভর তল্লাশির পর বুধবার সকালে পুকুর থেকে ওই দুই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় নৌকায় ওঠার কারণেই ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালেও পুকুরপাড়ে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুই তরতাজা যুবকের অকালমৃত্যুতে উত্তর খানপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও হট টপিক