বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কৃষ্ণনগর-করিমপুর রেলপথের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
কৃষ্ণনগর-করিমপুর রেলপথের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে নদিয়ার তেহট্ট ও করিমপুরকে রেল মানচিত্রে যুক্ত করার দাবি ফের জোরালো করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরের চাষাপাড়ার সভা থেকে তিনি জানান, বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমি জরিপ ও সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দীর্ঘদিনের দাবি পূরণের নতুন আশার আলো দেখছেন নদিয়ার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

কৃষ্ণনগর-করিমপুর রেলপথের দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠন। কখনও গান গেয়ে, কখনও বা ছবি এঁকে রেলপথের দাবি তুলেছে এলাকার কচিকাঁচারাও। যোগাযোগ ব্যবস্থার চরম প্রতিকূলতার জেরে চিকিৎসা না পেয়ে মা হারানোর মতো করুণ আর্তিও শোনা গিয়েছে।

এই প্রকল্পটি বাস্তবায়িত করতে করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ একাধিক বার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন। আগামী অর্থবর্ষেই কৃষ্ণনগর-করিমপুর রেলপথ প্রকল্পকে কেন্দ্রের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি। এ বার মুখ্যমন্ত্রীর মুখেও সেই প্রকল্পের অগ্রগতির কথা শোনায় এলাকাবাসীর প্রত্যাশা আরও বেড়েছে।

নদিয়ার বিস্তীর্ণ সীমান্তবর্তী এই অঞ্চলে সরাসরি রেল যোগাযোগ না থাকায় যাতায়াত, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। রেলপথ চালু হলে কেবল যোগাযোগ ব্যবস্থারই আমূল পরিবর্তন হবে না, বরং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

 

বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষকে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘রেল নিয়ে বারবার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সদর্থক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আগেই জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বাস্তবায়নের স্বপ্ন আর এক ধাপ এগিয়ে গেল।’’ আন্দোলনকারী সংস্থা ‘বঞ্চিত করিমপুর’-এর সভাপতি দূর্বাদল দত্ত বলেন, ‘‘জমি সমীক্ষার কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে আমরা আশাবাদী।’’

আরও হট টপিক