জেলা
গলসিতে শুরু হল প্রথম বইমেলা, শিশুদের বইমুখী করার বার্তা সাহিত্যিক দেবারতির
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, গলসি: সাহিত্য ও বইপ্রেমীদের উৎসাহকে সঙ্গী করে শুক্রবার থেকে গলসিতে শুরু হল বইমেলা। এলাকায় এই প্রথমবার এমন বইমেলার আয়োজন করা হয়েছে। আর প্রথম দিন থেকেই বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।
এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা দেবারতি মুখোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক রাজু পাত্র-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী মঞ্চ থেকে বর্তমান প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার ওপর বিশেষ জোর দেন লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে শিশুদের অবশ্যই বই পড়া শেখাতে হবে। নিয়মিত বই পড়লে মনের ওপর নিয়ন্ত্রণ আসবে।’’
অন্যদিকে, প্রথমবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মেলা কমিটির হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক রাজু পাত্র। সেই সঙ্গে ভবিষ্যতেও এই মেলার প্রসারে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি।
মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে। প্রথম দিনেই যেভাবে সাধারণ মানুষের ভিড় জমেছে, তাতে আগামী দিনগুলিতে মেলা আরও জমে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মেলায় কলকাতা থেকে একাধিক নামিদামি প্রকাশক সংস্থা এখানে এসেছেন।

