দেশ
নীতি আয়োগের প্রতিযোগিতায় বাংলার পাঁচ জেলা
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের 'অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস প্রোগ্রাম' বা এডিপি-র আওতায় চলে এল পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা। তালিকায় রয়েছে নদীয়া, মালদহ, বীরভূম, পূর্ব বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর। এই পাঁচ জেলা যুক্ত হওয়ায় দেশজুড়ে এডিপি ভুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭টি। রাজ্যের এই জেলাগুলিকে এবার দেশের অন্যান্য পিছিয়ে পড়া জেলার সঙ্গে উন্নয়নের মূল স্রোতে ফেরার সুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হল। ইতিমধ্যেই এই কর্মসূচিকে সফল করতে জেলাগুলিতে প্রশাসনিক স্তরে জোরকদমে বৈঠক শুরু হয়েছে।
এই বিশেষ কর্মসূচির নিয়ম অনুযায়ী, প্রতি মাসে বিভিন্ন সরকারি দপ্তরের কাছ থেকে কাজের খতিয়ান ও রিপোর্ট সংগ্রহ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের অগ্রগতির ওপর ভিত্তি করে প্রতি তিন মাস অন্তর জেলাগুলির মূল্যায়ন ও রাঙ্কিং প্রকাশ করবে নীতি আয়োগ। এই পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মিলবে বড় আর্থিক পুরস্কার। তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারলে সংশ্লিষ্ট জেলা পুরস্কার হিসেবে পাবে ১০ কোটি টাকা। অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী জেলার ঝুলিতে আসবে ৫ কোটি টাকা।
উন্নয়নের এই লড়াইয়ে শামিল হতে জেলা প্রশাসনগুলি এখন থেকেই কোমর বাঁধছে। কোন কোন ক্ষেত্রে কাজের খামতি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত পরিকাঠামো উন্নয়নের রূপরেখা তৈরি করা হচ্ছে। কেন্দ্রের এই প্রকল্পে ভালো র্যা ঙ্ক করে বাড়তি অনুদান তুলে নেওয়াই এখন মূল লক্ষ্য এই পাঁচ জেলার। এই যৌথ প্রতিযোগিতার জেরে জেলাগুলির সামগ্রিক চেহারা আগামীদিনে অনেকটাই বদলে যাবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

