বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের: গ্রেপ্তার শিক্ষিকা

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় সাফল্য সিবিআইয়ের: গ্রেপ্তার শিক্ষিকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি (NEET-UG) প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এই বড়সড় কেলেঙ্কারির তদন্তে নেমে শুক্রবার আরও এক মস্ত বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই (CBI)। মহারাষ্ট্রের পুনে থেকে মণীষা সঞ্জয় হাভালদার নামে এক মহিলাকে এদিন গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি পুনের ‘শেঠ হীরালাল সরাফ প্রশালা’র প্রধান শিক্ষিকা তথা পদার্থবিদ্যার শিক্ষিকা বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মে মাসে অনুষ্ঠিত এই সর্বভারতীয় পরীক্ষার ফিজিক্স বা পদার্থবিদ্যার প্রশ্ন ফাঁসের মূল উৎস ছিলেন এই মণীষাই। অর্থাৎ, কেমিস্ট্রি ও বায়োলজির পাশাপাশি ফিজিক্সের প্রশ্নপত্রও যে আগেভাগে ফাঁস হয়েছিল, তা এখন স্পষ্ট। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারই ফিজিক্সেরও প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে সন্দেহে এই বিষয়ে সিবিআই-কে তদন্তের গভীরতা বাড়ানোর নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রক।

সর্ষের মধ্যেই ভূত: যেভাবে চলত কারবার
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত মণীষা সঞ্জয় হাভালদার নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গঠিত বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য ছিলেন। এনটিএ-র তরফ থেকে বিশেষজ্ঞ (Expert) হিসেবে নিযুক্ত হওয়ার কারণে পরীক্ষার অত্যন্ত গোপনীয় পদার্থবিদ্যা বা ফিজিক্স প্রশ্নপত্রের অ্যাক্সেস মণীষার কাছে সহজেই ছিল। অভিযোগ উঠেছে, সেই সুবাদেই গত এপ্রিল মাস নাগাদ তিনি আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাওয়া বেশ কিছু ফিজিক্স প্রশ্ন ফাঁস করে দেন। এরপর সেই সমস্ত প্রশ্ন তিনি পৌঁছে দেন এই চক্রের সহ-অভিযুক্ত মণীষা গুরুনাথ মান্ধারের কাছে, যাকে গত ১৬ মে আগেই গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীরা মিলিয়ে দেখেছেন যে, মণীষা হাভালদারের ফাঁস করা প্রশ্নগুলির সাথে মূল পরীক্ষার প্রশ্ন সেটের পদার্থবিদ্যার প্রশ্নগুলির হুবহু মিল রয়েছে।
তদন্তের জাল কতদূর?
মণীষা সঞ্জয় হাভালদারকে গ্রেপ্তারের পর নিট কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর এবং আহিল্যানগরের মতো দেশের একাধিক প্রান্তে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে বলে জানতে পেরেছেন আধিকারিকরা। দেশজুড়ে কোটি কোটি টাকার লেনদেনের মাধ্যমে এই চক্র প্রশ্ন বিক্রি করছিল বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বহু নথি, ল্যাপটপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন। এই ঘটনার জেরে ধৃত শিক্ষিকাকে তাঁর বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বরখাস্ত করেছে এবং পুরো ঘটনার নিন্দা জানিয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের এই গভীর ষড়যন্ত্রের শেকড় কতদূর বিস্তৃত, তা উপড়ে ফেলতেই এখন মরিয়া সিবিআই।

আরও দেশ খবর