ললিত মোদির হাতে ব্রিটিশ নাগরিকত্ব, প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে চরম উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি: আইপিএলে বিপুল আর্থিক অনিয়মের মামলায় তাঁকে দেশে ফেরাতে দীর্ঘদিন ধরেই মরিয়া চেষ্টা চালাচ্ছিল ভারতের একাধিক তদন্তকারী সংস্থা। কিন্তু সেই প্রত্যর্পণ প্রক্রিয়া আদৌ আর সফল হবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। কারণ, সরকারিভাবে ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন ভারতের অন্যতম প্রধান পলাতক আর্থিক অপরাধী বা ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ ললিত মোদি।
জানা গিয়েছে, প্রায় দু’মাস আগেই ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন আইপিএলের প্রাক্তন এই কর্তা। এতদিন বিষয়টি আড়ালে থাকলেও গত শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের ব্রিটিশ পাসপোর্টের ছবি ও তথ্য প্রকাশ্যে আনেন ললিত। ব্রিটেনের নাগরিকত্ব পাওয়াকে নিজের ‘জীবনের অন্যতম গৌরবজনক মুহূর্ত এবং নয়া অধ্যায়’ বলে বর্ণনা করেছেন তিনি।
ললিত মোদির এই ঘোষণার পর থেকেই তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতের তদন্তকারী মহলে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআই-এর মতো সংস্থাগুলি আর্থিক তছরুপ ও বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের একাধিক মামলায় তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালাচ্ছিল। এর আগে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
আইন বিশেষজ্ঞদের মতে, এবার সরাসরি ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাওয়ায় ললিত মোদিকে ভারতে প্রত্যর্পণ করার আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়ল। কার্যত তা বিশবাঁও জলে চলে গেল বলেই মনে করছেন অনেকে। ব্রিটিশ নাগরিক হিসেবে তিনি সে দেশের আইনি সুরক্ষা পাবেন, ফলে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির পক্ষে তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হবে। এর জেরে দীর্ঘদিন ধরে চলা কোটি কোটি টাকার দুর্নীতি মামলার তদন্ত জোর ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

