দেশ
মানুষের মূত্রের উষ্ণতায় গলছে বরফ! এভারেস্ট বেস ক্যাম্পে প্রকৃতির চরম বিপদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: মাউন্ট এভারেস্টের পাদদেশে থাকা খুম্বু হিমবাহের ভবিষ্যৎ নিয়ে তৈরি হল চরম উদ্বেগ। এক সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। প্রতি বছর এভারেস্ট বেস ক্যাম্পে পর্বতারোহীদের ভিড় যেভাবে লাফিয়ে বাড়ছে, তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে এই হিমবাহের ওপর। গবেষণায় দেখা গিয়েছে, বেস ক্যাম্পের উপরিভাগের হিমবাহের তাপমাত্রা প্রতি বছর দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতি হিসেবে প্রতি বছর গড়ে ২ হাজার ৪৯২ টন বরফ গলে যাচ্ছে।
তবে সবথেকে চমকে দেওয়ার মতো তথ্য হলো, শুধুমাত্র মানুষের মূত্রের উষ্ণতার জেরেই প্রতি বছর গলছে প্রায় ১৫৪ টন বরফ!নেপাল ও আন্তর্জাতিক গবেষক দলের এই সমীক্ষায় খুম্বু হিমবাহের ওপর মানুষের উপস্থিতির এক অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। উচ্চতাজনিত সমস্যার কারণে পর্বতারোহীদের অতিরিক্ত জল বা তরল পান করতে হয়, যার ফলে বেস ক্যাম্পে প্রতিদিন হাজার হাজার লিটার মূত্র বিসর্জিত হয়। এই তরলের নিজস্ব তাপমাত্রা বা উষ্ণতাই সরাসরি বরফের ওপর পড়ে তা গলিয়ে দিচ্ছে। গবেষক দলের অন্যতম সদস্য তথা নেপালের প্রধান সার্ভেয়ার কিম লাল গৌতম স্পষ্ট জানিয়েছেন, হিমবাহের উপর মানুষের এই অনিয়ন্ত্রিত অবস্থান এবং কর্মকাণ্ড প্রকৃতির জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে এভারেস্টের এই চিরপরিচিত হিমবাহটি অদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিজ্ঞানীরা।

