দেশ
জঙ্গিদের গুলিতে পুলিশ খুন, গুঁড়ালো বাড়ি
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে ৩৫ বছর বয়সি পুলিশকর্মী আশিক হুসেন কুরেশির মৃত্যুর পর, দুই লস্কর-ই-তইবা জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। বুধবার রাতে বিস্ফোরক ব্যবহার করে গুড়ি গ্রামের জঙ্গি আদিল আহমেদ থোকরের বাড়ি ধূলিসাৎ করা হয়। ওই রাতেই অন্য একটি অভিযানে বিজবেহরার হাসানপোরা তাওয়েলার বাসিন্দা, তথা ২০১৮ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত জঙ্গি হারুন রশিদ গানাইয়ের একতলা বাড়িটিও ভেঙে দেয় বাহিনী।
পুলিশ সূত্রের খবর, বুধবার বেলা ১২টা নাগাদ লালচকে পুলিশের একটি দল টহল দেওয়ার সময় আচমকা আড়াল থেকে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। তবে জঙ্গিদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন আশিক হুসেন কুরেশি। তাঁকে অনন্তনাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাশ্মীর জুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই প্রায় ২,৮০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এদিকে, কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই এভাবে বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি আইন-শৃঙ্খলার পক্ষে সওয়াল করে স্পষ্ট জানান, "আমি পুলিশের ক্ষোভ ও অসন্তোষের বিষয়টি বুঝতে পারছি, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।"

