বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

প্রকৃত কল্যাণ কীভাবে

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
প্রকৃত কল্যাণ কীভাবে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

পূজনীয় মহানামব্রত ব্রহ্মচারী বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী বলছেন, আমি কে? এর উত্তর হলো, জীব হচ্ছে নিত্য কৃষ্ণদাস। আমার দুঃখ কেন? কারণ, কৃষ্ণকে ভুলে আছে বলেই মায়া জীবকে দুঃখ দান করে। কি উপায়ে কৃষ্ণস্মৃতি জাগবে ও দুঃখের চিরনিবৃত্তি হবে এবং প্রকৃত কল্যাণ সাধিত হবে-এখন এই বিষয়ে জেনে নেওয়া যাক। শাস্ত্র অনেক উপায়ের কথা বলেছেন। তার মধ্যে কৃষ্ণোন্মুখ যিনি তাঁর কৃপাই প্রকৃষ্ট উপায়। সংসারে দুইটি বস্তু আছে যা নিশংসয়ে কৃষ্ণোন্মুখ। সাধু ও শাস্ত্র। সাধুর জীবন কৃষ্ণময়। আর শাস্ত্র কৃষ্ণ কথায় পূর্ণ। সাধু-কৃপা ও শাস্ত্র-কৃপাতেই জীব কৃষ্ণোন্মুখ হতে পারে। কৃষ্ণোন্মুখ হলেই দুঃখ থেকে চির নিষ্কৃতি লাভ করে জীব। এই কল্যাণবাণীই সনাতন গোস্বামীপাদকে লক্ষ্য করে মহাপ্রভু উচ্চারণ করলেন— "সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়। সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়।" শ্রীগীতায় ভগবানের উক্তিতে সেই বাক্যের যথার্থতা পরিলক্ষিত হয়— " মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে"। —অর্থাৎ আমার যে শরণাগত, সে অনায়াসেই এই দুস্তর মায়ার হাত থেকে উত্তীর্ণ হয়। সাধুকৃপা কথাটি সহজে বোঝা যায়, কিন্তু শাস্ত্রাদি তো জড় পদার্থ। তার আবার কৃপা কী? প্রকৃতপক্ষে শাস্ত্র জড় নয়, শ্রীভগবানের বাঙ্ময়ী প্রকাশ। শাস্ত্র তাঁহারই মূর্তি। শাস্ত্র স্বরূপত তাঁর থেকে ভিন্ন নয়। শাস্ত্র "তব কথামৃতম"। দুঃখী জীবকে করুণা করার জন্য শ্রীভগবানের তিনটি প্রকাশ— শাস্ত্র, অন্তর্যামী ও শ্রীগুরু। কৃষ্ণকে ভুলে জীব দুঃখী ঠিকই কিন্তু কৃষ্ণও বেদনার্ত দুঃখী জীবের জন্য। অন্তর্যামী তিনি, সকলের হৃদয়ে আছেন পরমাত্মারূপে। নিরন্তর বিবেকবাণী প্রেরণ করে তিনি জানাচ্ছেন—শ্রীভগবানই বস্তু, অপর সকলেই অবস্তু। তাঁহাকে ভজনা করাই জীবনের সার্থকতা। একমাত্র শুদ্ধচিত্ত মহৎ ব্যক্তিরাই অন্তরের বাণী শুনতে পান। শ্রদ্ধাসহ পুনঃপুনঃ শাস্ত্র অনুশীলন করলে তাঁর কৃপা হয়। "সাধু, শাস্ত্র, গুরুবাক্য, হৃদয়ে করিয়া ঐক্য"—এটিই মহাজন প্রদর্শিত সাধারণ রহস্যের ইঙ্গিত। সাধু তিনি, যাঁর চিত্ত শুদ্ধসত্ত্বময়। তিনি সর্বত্র সমদর্শী, নির্লোভ, লোভহীন,সদা সন্তুষ্ট এবং সকলের কল্যাণকামী । সাধু ও শ্রীগুরু শ্রীভগবানেরই একটি রূপ।

আরও বোধিবৃক্ষ খবর