সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, মৃত এক ভারতীয়-সহ ২, জখম বহু
নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার বড়সড় হামলার মুখে পড়ল সৌদি আরব। দেশটির দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে এক ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা) জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন সেখানে কর্মরত ভারতীয় বাসিন্দা। হামলায় গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিকেরাও রয়েছেন বলে জানা গিয়েছে।
নৃশংস এই হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সাধারণ নাগরিক এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই রক্তক্ষয়ী হিংসা বন্ধ হওয়া উচিত। নয়াদিল্লি আরও জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং সংকটের এই মুহূর্তে তারা সে দেশের জনগণ ও সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
অন্য দিকে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস তৎপরতার সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হামলার ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। শুধু তা-ই নয়, নিহত ও আহত ভারতীয়দের পরিবারের সঙ্গেও দূতাবাস আধিকারিকেরা নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানানো হয়েছে। আক্রান্তদের সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
ভয়াবহ এই হামলার নেপথ্যে ঠিক কে বা কারা জড়িত, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি সৌদি কর্তৃপক্ষ। কোনও গোষ্ঠীও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীরা অতীতেও বহুবার সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল শোধনাগারকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফলে এই হামলার পিছনেও তাদের হাত থাকার প্রবল আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

