মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত অন্তত ৭ জন
নিজস্ব প্রতিনিধি: মিশরে রবিবার এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭ জন যাত্রী। এই ভয়াবহ সংঘর্ষে জখম হয়েছেন আরও ১২০ জনেরও বেশি মানুষ। মিশরের গিজা প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই মুখোমুখি ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চললেও, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।
মিশরের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনাটি ঘটেছে। গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন এবং কায়রো থেকে আসোয়ানগামী অন্য একটি ট্রেনের মধ্যে আচমকাই সজোরে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায় ট্রেনের একাধিক বগি। চারদিক থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ।
ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা ও জরুরি উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও প্রাথমিক উদ্ধারকাজে হাত বাড়ান। এরপর দ্রুত শুরু হয় গ্যাস কাটার দিয়ে ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া বগি কেটে আটকে থাকা যাত্রীদের বের করার কাজ। আহতদের তড়িঘড়ি নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিকিৎসায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এই ভয়ংকর দুর্ঘটনার খবর পৌঁছাতেই গভীর শোকপ্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, রেলের সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গাফিলতির প্রমাণ মিললে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। পুরো পরিস্থিতি এখন কড়া নজরে রাখছে প্রশাসন।

