রাজ্য
মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল, এসএসসি ইন্টারভিউতে নম্বর কম দেওয়ার অভিযোগ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: শিক্ষক দিবসের মঞ্চ থেকেই রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন স্পষ্ট ভাষায় তিনি অভিযোগ করেন, বিগত জমানায় শিক্ষক নিয়োগের নামে অবাধে দুর্নীতি হয়েছে, যার খেসারত দিতে হয়েছে সাধারণ যোগ্য চাকরিপ্রার্থীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার নজিরবিহীন ঘটনাকেও মনে করিয়ে দেন তিনি। ভাঙা শিক্ষাব্যবস্থাকে ফের দেশের এক নম্বরে পৌঁছে দিতে নতুন বিজেপি সরকার বদ্ধপরিকর বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এ দিনের অনুষ্ঠান থেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার প্রক্রিয়া নিয়ে বড়সড় সংস্কারের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল আমলে দুর্নীতির কারচুপি করতেই ইন্টারভিউতে এত বেশি নম্বর বরাদ্দ রাখা হয়েছিল। এই অনিয়ম রুখতে তিনি কড়া দাওয়াই দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "আমি পরিষ্কার এসএসসি-কে বলে দিয়েছি, মৌখিক পরীক্ষায় ৫ নম্বরের বেশি রাখা চলবে না।" বাকি পুরো মূল্যায়ন হবে লিখিত পরীক্ষা ও মেধার ভিত্তিতে, যাতে স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
পাশাপাশি রাজ্যের পূর্বতন সরকারের শিক্ষানীতি নিয়েও চাঁছাছোলা সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি (NEP) চালু করতে দেয়নি, যার ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়েছে। খেলা, মেলা আর ইমাম-মোয়াজ্জেম ভাতা দিতে টাকা ওড়ানো হলেও, টানা ৩ বছর স্কুলের কম্পোজিট গ্র্যান্ট আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ তাঁর। বর্তমান বিজেপি সরকার সেই বঞ্চনা দূর করে দ্রুত নতুন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশ্বস্ত করেন তিনি।

