রাজ্য
নাম বদলে ‘সারথি’, রাজ্যে ফের শুরু সাইকেল বিলি
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: স্কুল পড়ুয়াদের জন্য ফের শুরু হতে চলেছে সাইকেল বিলি। তবে এবার আর পূর্বতন তৃণমূল সরকারের ‘সবুজসাথী’ নামে নয়, নতুন বিজেপি সরকার এই প্রকল্পের নাম বদলে রেখেছে ‘সারথি’। আগামী সপ্তাহেই রাজ্য জুড়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এক লক্ষ সাইকেল বিলি করে এই নতুন সফরের সূচনা করতে চাইছে বর্তমান সরকার। নবান্ন সূত্রে খবর, জেলাগুলিতে ইতিমধ্যেই এই বণ্টন প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে তৎকালীন তৃণমূল সরকার সাইকেল বণ্টনের কাজ শুরু করেছিল। কিন্তু কিছু সাইকেল বিলি হওয়ার পরেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ায় গোটা প্রক্রিয়া মাঝপথে থমকে যায়। ফলে বিভিন্ন ব্লকের গুদামে ও সরকারি অফিসে হাজার হাজার সাইকেল পড়ে ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত হয়েছে, জেলাগুলিতে পড়ে থাকা সেই আগের সাইকেলগুলি আগে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। সেই মজুত স্টক শেষ হলেই নতুনভাবে বরাত দিয়ে বাকি সাইকেল কেনা এবং বণ্টনের কাজ পুরোদমে শুরু করবে বিজেপি সরকার।
এই কাজের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই নবান্নের উচ্চপদস্থ আধিকারিকেরা জেলাশাসক ও ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। কোন জেলায় কত সাইকেল পড়ে রয়েছে এবং কতজন পড়ুয়া এখনও সাইকেল পায়নি, তার চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি স্তরে জানানো হয়েছে, আগামী সপ্তাহে প্রথম দফার উদ্বোধনের পর, ধাপে ধাপে যেমন সাইকেল আসবে, সেই অনুযায়ী স্কুল স্তরে বণ্টন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখাই এখন নতুন সরকারের মূল লক্ষ্য।

