বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

প্রশাসনে এবার বাংলা ভাষা, কড়া নির্দেশ নবান্নের

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রশাসনে এবার বাংলা ভাষা, কড়া নির্দেশ নবান্নের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি প্রশাসন এবং জনপরিষেবার কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। চলতি মাস থেকেই সমস্ত প্রশাসনিক কাজে বাংলাকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নথি, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, সরকারি আদেশনামা, প্রতিবেদন থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও বাংলার ব্যবহার বাধ্যতামূলক করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে সরকারি কাজ বুঝতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নতুন কর্মসূচির অগ্রগতি নিয়মিত নজরে রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের রাজ্যস্তরীয় পরিচালন কমিটি গঠন করা হবে। শুধু রাজ্য স্তরেই নয়, কাজের গতি ও সঠিক রূপায়ণ খতিয়ে দেখতে প্রতিটি সরকারি বিভাগ এবং জেলা স্তরেও তৈরি করা হবে পৃথক বাস্তবায়ন কমিটি। গোটা প্রক্রিয়ার তদারকি এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রাখার মূল দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগকে।
পাশাপাশি, এই কাজকে আরও সুসংগঠিত করতে খুব শীঘ্রই গড়ে তোলা হবে ‘পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি’। প্রশাসনিক স্তরে অনুবাদের কাজ সহজ করতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে এই কমিটিকে সাহায্য করবে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি। বিভিন্ন ইংরেজি পরিভাষার সহজ বাংলা রূপ তৈরি করার ক্ষেত্রেও অ্যাকাডেমির বিশেষজ্ঞরা সাহায্য করবেন।
সরকারি মহলের মতে, অনেক সময়ই সাধারণ মানুষ জটিল ইংরেজি ভাষার কারণে সরকারি সুযোগ-সুবিধা বা নির্দেশিকা ঠিকমতো বুঝে উঠতে পারেন না। এবার থেকে সব স্তরে বাংলার ব্যবহার বাড়লে প্রশাসনের কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই আমজনতার সঙ্গে সরকারের দূরত্ব অনেকটাই কমবে। চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকর করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভাষা আন্দোলনের কর্মী থেকে শুরু করে আপামর রাজ্যবাসী।