রাজ্য
উত্তর সিকিমে ধস, অবরুদ্ধ তিস্তার উপনদী, আতঙ্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নেপালের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার ধসের জেরে তীব্র আতঙ্ক ছড়াল সিকিম ও উত্তরবঙ্গে। উত্তর সিকিমের মঙ্গন জেলার নাগা অভয়ারণ্যে থেং টানেলের ঠিক বিপরীত দিকে পাহাড়ে এক ভয়াবহ ধস নেমেছে। এর ফলে তিস্তা এবং তার অন্যতম প্রধান উপনদী চিয়াকুং বা চেকংয়ের মোহনা সংলগ্ন এলাকাটি বিপুল পরিমাণ পাথুরে ধ্বংসস্তূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। পাহাড়ি নদীর স্বাভাবিক জলপ্রবাহ আংশিক আটকে যাওয়ায় নদীর উজানে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাগা-টোসা রোডের নতুন রাস্তা কাটার অংশ থেকে পাহাড়ের এক বিশাল চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীর বুকে। এই ঘটনার পরেই নদীর নিম্ন অববাহিকা এবং তিস্তা তীরবর্তী লোকালয়গুলিতে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ২০২৩ সালের তিস্তার হড়পা বান এবং সাম্প্রতিক নেপালের বন্যা পরিস্থিতির স্মৃতি মনে রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
পাহাড় থেকে কাদা ও ঘোলাটে জল হু হু করে নেমে আসায় মালবাজার মহকুমা, ক্রান্তি এবং জলপাইগুড়ির তিস্তা সংলগ্ন নিচু এলাকাগুলিতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। নদীর পাড়ে থাকা বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করার পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (SSDMA) জানিয়েছে, রবিবার দুপুরের পর থেকে তিস্তার জলপ্রবাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। চিয়াকুং নদী এখনও আংশিক অবরুদ্ধ থাকলেও বড় ধরনের প্লাবনের কোনও তাৎক্ষণিক আশঙ্কা নেই। তবুও নজরদারি জারি রয়েছে।

