রাজ্য
রাস্তার নাম ঠিক করতে নবান্নের বিশেষ কমিটি গঠন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের রাস্তা, উড়ালপুল, সেতু এবং বিভিন্ন সরকারি স্থানের নতুন নামকরণ ও নাম বদলের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এক বড় পদক্ষেপ করল নবান্ন। এই কাজের জন্য একটি উচ্চপর্যায়ের রাজ্যস্তরের অ্যাডভাইজরি বা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এই নবগঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)-কে। কমিটিতে অন্য বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। এ ছাড়াও প্রশাসনিক স্তরের একাধিক শীর্ষ আধিকারিককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং পূর্ত দফতরের সচিবরা। স্থান পেয়েছেন কলকাতা পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব, ডঃ বিষ্ণুপদ দত্ত এবং নগরোন্নয়ন ও পুর দফতরের যুগ্মসচিব বা তার উপরের পদমর্যাদার এক বিশেষ প্রতিনিধি।
নবান্নের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে যে কোনও সরকারি স্থান, সরণি বা সেতুর নাম পরিবর্তন কিংবা নতুন নামকরণের আবেদন জমা পড়লে তা সরাসরি কার্যকর করা হবে না। প্রথমে প্রস্তাবগুলি এই কমিটির কাছে পাঠানো হবে। নাম নির্ধারণের ক্ষেত্রে এই কমিটি সংশ্লিষ্ট জায়গার ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব, বাংলার ঐতিহ্য এবং জনস্বার্থের বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।
প্রয়োজনে কমিটির সদস্যরা বিভিন্ন প্রাচীন নথিপত্র ঘেঁটে দেখবেন এবং বিশেষজ্ঞ ইতিহাসবিদ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করতে পারবেন। সব দিক খতিয়ে দেখে কমিটি সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। অতীতে বিভিন্ন রাস্তার নামকরণ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিতর্ক এড়াতেই এই সুনির্দিষ্ট ও নিরপেক্ষ ব্যবস্থা চালু করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

