রাজ্য
মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি বিতর্ক: ফতোয়া ওড়ালেন দিলীপ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সরকারি অনুদান নিলে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক— বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের এই ‘ফতোয়া’ ঘিরে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল পড়ে গিয়েছে। পুজোর মুখে দলীয় নেতার এমন মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। বিতর্ক দানা বাঁধতেই আসরে নামতে হয়েছে রাজ্য সরকারকে। দলের জেলা সভাপতির সেই কড়া নির্দেশকে কার্যত উড়িয়ে দিয়ে সাফ বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি।
বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। সাঁইথিয়ায় দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত একটি বৈঠকে বীরভূম জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় কড়া সুরে বলেন, “যারা সরকারি অনুদান নেবেন, তাদের জন্য মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বাধ্যতামূলক। আর যারা অনুদান নিয়েও ছবি লাগাবেন না, তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, তবে কি বর্তমান বিজেপি সরকারও পুজোর অনুদানের বিনিময়ে প্রচারের শর্ত চাপাচ্ছে?
এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ। মন্ত্রী বলেন, “ওসব তৃণমূল জমানার শর্ত ছিল। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগালে ক্লাবগুলিকে টাকা দেওয়া হত না এবং নেতারা কাটমানি খেতেন। আমাদের সরকার এমন কোনও নির্দেশ দেয়নি যে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে।” সরকারের এই অবস্থানে স্পষ্ট যে, পুজোর অনুদান নিয়ে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। দিলীপের সুরেই গলা মেলান সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, “মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো নিয়ে কোনও নির্দেশ দেয়নি সরকার। এসবের কোনও প্রশ্নই আসে না।”

