রাজ্য
রক্ত নিয়ে দেদার কারচুপি: এন্টালির ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতার অতিরিক্ত রক্ত সংগ্রহ, দূরবর্তী ক্যাম্প থেকে আনার কারণে গুণগত মান নষ্ট হওয়া এবং প্লাজমা বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগে কলকাতার এন্টালির একটি বড় বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। দপ্তর সূত্রের খবর, সংগ্রহের পরিমাণের বিচারে এটি ছিল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং অন্যতম পুরানো প্রাইভেট ব্লাড ব্যাংক। এই বড়সড় পদক্ষেপের জেরে শহরের চিকিৎসা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ব্লাড ব্যাংকটি দূরবর্তী এলাকার বিভিন্ন রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করত। কিন্তু নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ও অনুমোদিত সময়সীমার মধ্যে রক্তের উপাদান পৃথকীকরণ (কম্পোনেন্ট সেপারেশন) করা হতো না। ফলে রক্তের উপযোগিতা ও গুণগত মান নষ্ট হচ্ছিল। শুধু তাই নয়, সংগৃহীত রক্তের বিপুল পরিমাণ প্লাজমা কাদের কাছে, কী উদ্দেশ্যে কত দামে বিক্রি করা হয়েছে, সে সম্পর্কে নথিপত্রে তথ্যের চরম অভাব ও অস্বচ্ছতা ধরা পড়েছে।
সম্প্রতি রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উচ্চপদস্থ আধিকারিকরা আচমকাই এন্টালির ওই ব্লাড ব্যাংকে একটি অভিযান চালান। সেখানে তল্লাশি চালিয়ে একাধিক চাঞ্চল্যকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সেই সমস্ত নথি খতিয়ে দেখার পরেই লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যভবন। মানুষের জীবন নিয়ে এই ধরনের বেপরোয়া কারচুপি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। এই ঘটনার পর রাজ্যের অন্যান্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ওপরেও নজরদারি আরও কঠোর করা হচ্ছে।

