রাজ্য
রেল পরিষেবায় বড় জোয়ার, খড়গপুর-ঝারসুগুদা রুটে বসছে চতুর্থ লাইন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া-মুম্বই রেলপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর। এই ব্যস্ততম রুটের খড়গপুর থেকে ওড়িশার ঝারসুগুদা পর্যন্ত চতুর্থ রেললাইন পাতার মেগা প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খড়গপুর থেকে ঝারসুগুদা পর্যন্ত বিস্তৃত ৩৬৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে চার লাইনের করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে মোট ৬ হাজার ৫২৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
রেল মন্ত্রক সূত্রে খবর, হাওড়া-মুম্বই রুটে ট্রেনের অতিরিক্ত চাপ সামাল দিতেই এই লাইনে চার লেনের ট্র্যাক তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই নতুন লাইন তৈরির ফলে হলদিয়া এবং পারাদ্বীপ বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের পণ্য চলাচল অনেক সহজ হবে। মূলত এই শিল্পাঞ্চল দিয়ে কয়লা, লৌহ আকরিক এবং ইস্পাত জাতীয় পণ্য পরিবহণ বহুগুণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি লাইনের ক্ষমতা বাড়ায় ওই রুটে আগামী দিনে আরও বেশি সংখ্যায় যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চালানো সম্ভব হবে। ফলে সাধারণ নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।
রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন দেশজুড়ে মোট আটটি নতুন রেল প্রকল্পে সিলমোহর দিয়েছে। এই প্রকল্পগুলির জন্য সব মিলিয়ে ২০ হাজার ৮০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের মতো রাজ্যগুলিও এই রেল উন্নয়নের ফলে সরাসরি উপকৃত হবে। চার লাইনের কাজ সম্পূর্ণ হলে হাওড়া ও মুম্বইয়ের মধ্যে ট্রেন চলাচলের গতি যেমন বাড়বে, তেমনই সময়ও অনেক কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

